২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্পষ্ট উত্তর’ দিলেও কাতালুনিয়ার নিয়ন্ত্রণ নেবে স্পেন

স্বাধীনতার ঘোষণা বিষয়ে কাতালুনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনের কাছে মাদ্রিদের করা প্রশ্নের সুস্পষ্ট জবাব না এলে স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার হুমকি দিয়েছে স্পেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 01:45 PM

Updated : 12 Apr 2022, 12:31 AM

গত মঙ্গলবার রাতে কাতালান পার্লামেন্টে স্বাধীনতার ‘প্রতীকি ঘোষণা’ দেন পুজদেমন; ভাষণে স্পেনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে সেই ঘোষণার কার্যকারিতা স্থগিত রাখারও আহ্বান জানান তিনি।

এরপরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় কাতালুনিয়ার প্রেসিডেন্টকে বিষয়টি স্পষ্ট করতে সোমবার পর্যন্ত সময় দেন বলে খবর বার্তাসংস্থা রয়টার্সের।

কাতালুনিয়ার অবস্থান যদি স্বাধীনতার পক্ষে হয়, তা হলে সিদ্ধান্ত বদলাতে পুজদেমনকে দেওয়া হয় ‘আরও চারদিন’। এরপরই মাদ্রিদ সরকার কাতালুনিয়ার নিয়ন্ত্রণ নিতে পদক্ষেপ নিতে শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছে স্পেন সরকার।

শনিবার স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান ইগানাসিও বলেন,কাতালুনিয়াকে অবশ্যই স্বাধীনতার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।

“উত্তরে কোনো অস্পষ্টতা থাকা চলবে না। তাকে (পুজদেমন) অবশ্যই ‘হ্যাঁ’ কিংবা ‘না’ বলতে হবে। উত্তর যদি অস্পষ্ট হয়, তার মানে হলো তিনি আলোচনা চান না; এরপরই স্পেনের সরকার পদক্ষেপ নেবে,” বলেন তিনি।

রয়টার্স বলছে, মাদ্রিদ সরকারের প্রশ্নের জবাব নিয়ে স্থানীয় দলগুলোর সঙ্গে আলোচনা করছেন ‘উভয় সঙ্কটে’ পড়া পুজদেমন।

তার উত্তর যদি হয় ‘হ্যাঁ, তাহলে মাদ্রিদ সরকার কাতালুনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেবে; অন্যদিকে তিনি যদি আলোচনার খাতিরে ‘না’উত্তর দেন, তাহলে আঞ্চলিক সরকার থেকে কট্টর বামপন্থি দল সিইউপি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সেক্ষেত্রে পুজদেমন সরকারের পতন ঘটতে পারে। 

শুক্রবার সিইউপি মাদ্রিদের হুমকি প্রত্যাখ্যান করে দ্ব্যর্থহীনভাবে স্বাধীনতার ঘোষণা দিতে পুজদেমনের প্রতি আহ্বান জানিয়েছে।

একই সুর স্বাধীনতাপন্থি নাগরিক গোষ্ঠী কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলিরও। শনিবার তারা পুজদেমনের জোট সরকারের আরেক প্রভাবশালী দল এসকুয়েরা রিপাবলিকানা দে কাতালুনিয়ার সঙ্গেও বৈঠক করেছে।

দলটির নেতা ওরিওল জানকুয়েরাস পরে বলেন, তার দল গণভোটের রায় মেনে স্পেন থেকে বিচ্ছিন্ন হতে আঞ্চলিক সরকারের প্রতি চাপ বাড়াবে।

স্পেন সরকারের বিরোধিতা ও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আয়োজিত ১ অক্টোবরের গণভোটে স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশের রায় পড়ে বলে ভাষ্য কাতালান সরকারের। যদিও ব্যাপক পুলিশি বাধার মুখে সেদিন ৪৩ শতাংশের বেশি ভোট জমা পড়েনি।