ভিয়েতনামে বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ৫৪
ভিয়েতনামে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৪ হয়েছে।
এখনও ৩৯ জন নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার জানায় দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সোমবার থেকে শুরু হওয়া এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান এরই মধ্যে গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।
উত্তরাঞ্চলের প্রদেশ হোয়া বিনে বৃহস্পতিবার প্রথম প্রহরের দিকে ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত মাত্র নয়টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
বন্যা ও ভূমিধসে প্রায় ৩১৭টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ৩৪ হাজার বাড়িঘর।
প্রায় ২২ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। দেড় লাখের বেশি গবাদিপশু মারা গেছে বা ভেসে গেছে।
