কোরীয় উপদ্বীপের আকাশে মার্কিন বোমারু বিমান
উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের আলোচনার মধ্যেই কোরীয় অঞ্চলের আকাশে উড়লো মার্কিন বোমারু বিমান।
শক্তি প্রদর্শনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার কোরীয় উপদ্বীপের ওপর দিয়ে দুটি বিওয়ান-বি বোমারু বিমান উড়িয়েছে বলে খবর রয়টার্সের।
পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পারমাণবিক পরীক্ষা এবং এর সূত্র ধরে ট্রাম্প ও কিম জং উনের লাগামহীন কথার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপানের ওপর দিয়ে দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া ও ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার শক্তি অর্জনে অনেকদূর এগিয়ে গেছে বলে ধারণা বিশ্লেষকদের।
এর প্রতিক্রিয়ায় কোরীয় উপদ্বীপে মিত্রদের সঙ্গে যৌথ মহড়ার পরিমাণ বাড়িয়েছে ওয়াশিংটন। সেই ধারাবাহিকতাতেই গুয়ামের অ্যান্ডারসন বিমান ঘাঁটি থেকে কোরীয় উপদ্বীপের উদ্দেশ্যে মার্কিন বোমারু বিমানের উড়াল।
গত অগাস্টে পিয়ংইয়ং প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা গুয়ামে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল।
বুধবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, গুয়ামের সামরিক ঘাঁটি থেকে উড়াল দিয়ে দুটি মার্কিন বিওয়ান-বি বোমারু বিমান দক্ষিণ কোরিয়ার দুটি এফ-ফিফটিন জঙ্গি বিমানের সঙ্গে যোগ দেয়।
কোরীয় আকাশসীমায় ঢোকার পর মার্কিন বিমান দুটি দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ‘এয়ার টু গ্রাউন্ড মিসাইল’ মহড়ায় অংশ নেয় এবং পরে দক্ষিণ কোরিয়া ও চীনের জলসীমার ওপর দিয়ে উড়ে মহড়ার পুনরাবৃত্তি করে।
বিমান দুটি এরপর জাপানি যুদ্ধবিমানের সঙ্গেও পৃথক এক মহড়ায় অংশ নেয় বলে আলাদা বিবৃতিতে জানায় মার্কিন সামরিক বাহিনী।
জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাতের বেলায় কোনো মার্কিন বোমারু বিমানের এটাই প্রথম যৌথ প্রশিক্ষণ বলে জানিয়েছে রয়টার্স।
পিয়ংইয়ংয়ের হামলা ও হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের রক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে মঙ্গলবার ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।
প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস ও জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেলের চেয়ারম্যান জোসেফ ড্যানফোর্ড জাতীয় নিরাপত্তা দলের এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে ব্রিফ করেন।
উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর অগাস্ট ও সেপ্টেম্বরে দেশটির ওপর নিষেধাজ্ঞার পরিমাণ বাড়ানো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের চারটি জাহাজের বিশ্বজুড়ে কয়লা পরিবহনেও নিষেধাজ্ঞা দিয়েছে। চার নৌযানের একটি গোলাবারুদ পরিবহনেও সক্ষম।
চীন বলছে, একতরফা নিষেধাজ্ঞা দিয়ে উত্তর কোরিয়াকে থামানো যাবে না। পিয়ংইয়ং ও ওয়াশিংটনকে তাদের যুদ্ধংদেহী মনোভাব ছেড়ে আলোচনার টেবিলে বসারও তাগিদ দিয়েছে তারা।
চীনের প্রভাবশালী ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের মঙ্গলবারের সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে ‘যুদ্ধের বিপদ’ সম্পর্কে সতর্কও করা হয়েছে।
“আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মেনে নেবে না। পিয়ংইয়ংয়ের উচিত সময় নেয়া এবং পারমাণবিক কর্মসূচি ছেড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে মনোযোগী হওয়া।
“যুদ্ধ কোরীয় উপদ্বীপ এবং তার আশপাশের অঞ্চলে দুঃস্বপ্ন ডেকে আনবে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত হবে মারমুখী অবস্থান ত্যাগ করে শান্তিপূর্ণ সমাধানের বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তা করা,” সম্পাদকীয়তে এমনটাই বলা হয়।
