ক্যালিফোর্নিয়ার দাবানলে নিহত ১৭, নিখোঁজ ১৫৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন কাউন্টিজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানলে ১৭ জন নিহত, ১৫৫ জন নিখোঁজ ও এক হাজার ৫০০ ঘরবাড়ি, ওয়াইন উৎপাদন কেন্দ্র ও অন্যান্য স্থাপনা ভস্মীভূত হয়েছে।
রোববার আগুন লাগার পর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির দমকল কর্মকর্তারা।
শুষ্ক, উত্তপ্ত আবহাওয়ার মধ্যে প্রবাহিত জোরালো বাতাসের কারণেই দাবানলের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন তারা। ১৭টি বড় ধরনের আগুনের ধারা এক লাখ ১৫ হাজার একর ভূমির সবকিছু পুড়ে ছাই করে দিয়েছে বলে জানিয়েছেন তারা।
নাপা কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, তাদের এখানে নিহতদের মধ্যে শতবর্ষী চার্লস রিপি ও তার ৯৮ বছর বয়সী স্ত্রী সারা রিপি রয়েছেন। তবে তাদের মৃত্যু সংক্রান্ত আরো কোনো বিবরণ এবং অন্যান্য নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কিছু জানায়নি তারা।
দাবানলটি স্যান ফ্রান্সিসকো শহরের উত্তরে বেশ কয়েকটি এলাকার ঘরবাড়িকে ছাইয়ে পরিণত করে দিয়েছে। এসব এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা রোসা শহর। এখানে একটি হিলটন হোটেলসহ একটি মোবাইল হোম পার্ক ভস্মীভূত হয়েছে।
এসব এলাকার ৯১ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে। এদের অধিকাংশই সোনোমা ও নাপা কাউন্টির। ২৮ হাজার ক্রেতার গ্যাস সরবরাহও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন নাপা, সোনোমা ও আরো পাঁচটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
