২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সরাসরি কিমের দোরগোড়ায় যাবেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে পরমাণু অস্ত্র নিয়ে কথার লড়াই চলছে বেশ কয়েক মাস ধরে। এবার ট্রাম্প সরাসরি কিমের দোরগোড়াতেই হাজির হতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 11:17 PM

Updated : 12 Apr 2022, 12:29 AM

নভেম্বরের শুরুতে দক্ষিণ কোরিয়া সফরে যাবেন ট্রাম্প। সে সফরকালেই তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা (ডিমিলিটারাইজড জোন- ডিএমজেড) ভ্রমণে যেতে পারেন।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা মঙ্গলবার এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে।

ইয়োনহাপ জানায়, ওই অঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখতে হোয়াইট হাউজ সেপ্টেম্বরের শেষ দিকেই দক্ষিণ কোরিয়ায় একটি অ্যাডভান্স টিম পাঠিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন-চীফ হিসাবে কোরিয়া উপদ্বীপে এ প্রথম সফরকালে ট্রাম্প উত্তর কোরিয়াকে কথা কিংবা কাজের মধ্য দিয়ে একটি গুরুতর বার্তা দেবেন বলেই ধারণা করা হচ্ছে।

দুই কোরিয়াকে ভিবক্তকারী অসামরিক এলাকায় (ডিএমজেড) আছে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পানমুনজং গ্রাম এবং পর্যবেক্ষণ ফাঁড়ি। এ দুই জায়গাতেই ট্রাম্প সফরের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ওই প্রতিরক্ষা কর্মকর্তা।

এ বিষয়ে ইয়োনহাপের পক্ষ থেকে বিস্তারিত আর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। হোয়াইট হাউজের কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করেননি।

নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং  ট্রাম্পের মধ্যে বিদ্বেষপূর্ণ বাকবিতণ্ডা চলছেই। উভয়ই ক্রমাগত পরষ্পরকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। যে কারণে কোরিয়া উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ডিএমজেড সফর করেছেন।

স্বাভাবিকভাবেই ওই এলাকা সফরে গেলে উত্তর কোরিয়ার নাগের ডগায় পৌঁছে যাবেন ট্রাম্প।

সোমবার এক টুইটে ট্রাম্প বলেন, “প্রায় ২৫ বছর ধরে আমাদের দেশ উত্তর কোরিয়ার সঙ্গে ব্যর্থ আলোচনা চালিয়ে যাচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কোনও ফলই পাওয়া যায়নি। কৌশল কোনও কাজই করছে না!”

বহির্বিশ্বে বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া এবং ধনী গণতান্ত্রিক দেশ দক্ষিণ কোরিয়া এখনও কৌশলগতভাবে যুদ্ধের মধ্যে আছে। কারণ, তাদের মধ্যকার ১৯৫০-৫৩ সালের সংঘর্ষ শান্তিচুক্তির মাধ্যমে নয় বরং সাময়িক যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়েছে।

উত্তর কোরিয়া অবিরাম দক্ষিণ কোরিয়া ও এর মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে আসছে।

আগামী মাসে ট্রাম্প কেবল দক্ষিণ কোরিয়াই নয় বরং জাপান, চীন, ভিয়েতনাম এবং ফিলিপিন্সও সফর করবেন। এ সফর শুরু হবে ৩ নভেম্বর থেকে।