২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষ থেকে নারী হয়ে চাকরি খোয়ালেন ভারতীয় নৌ কর্মকর্তা

ভারতীয় নৌ বাহিনীর এক কর্মকর্তা লিঙ্গ পরিবর্তন করে বিপাকে পড়েছেন। মণীষ গিরি নামের ওই নাবিক কয়েক মাস আগে লিঙ্গ পরিবর্তন করে নারী হন। এখন তার নাম সাবি। নিয়ম লঙ্ঘনের অভিযোগে নৌ বাহিনী তাকে বরখাস্ত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 10:12 PM

Updated : 12 Apr 2022, 12:29 AM

কারণ, সাত বছর আগে যখন তিনি চাকরিতে যোগ দেন, তখন পুরুষ হিসেবেই তাকে নেওয়া হয়েছিল। লিঙ্গ পরিবর্তন করে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন।

নৌ বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “লিঙ্গ পরিবর্তনের কারণে নৌবাহিনীর নিয়ম অনুসারে ওই নাবিক আর ‍চাকরিতে বহাল থাকতে পারেন না।” 

সাত বছর আগের সেই মণীষ গিরি থেকে নারী হওয়া সাবি এখন চুল লম্বা করেছেন, শাড়ি পরছেন। তার বিরুদ্ধে নৌ কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে তার বিচার চেয়ে লড়াই করবেন বলেও জানিয়েছেন তিনি।

এতদিন ধরে দেশের সেবা করেছেন, নিজের কাজ ঠিকমত করেছেন। কেবল লিঙ্গ পরিবর্তনের জন্য কেন তাকে চাকরিচ্যুত করা হবে? তিনি তো চোর বা জঙ্গি নন, প্রশ্ন সাবির।

চাকরিচ্যুত করার বিরুদ্ধে সামরিক আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

বিবিসি জানায়, এ ঘটনা ভারতে হিজড়াদের অধিকার নিয়ে বিতর্ক আবারও উস্কে দিয়েছে। কারণ, ভারতে আইনিভাবে হিজড়ারা তৃতীয় লিঙ্গ নামে স্বীকৃত।

২০১০ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন সাবি। ২০১৬ সালের শেষ দিকে ছুটিতে থাকার সময় তিনি লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করান। এ বছর এপ্রিলে তিনি পুনরায় কাজে যোগ দেন।

সাবির অভিযোগ, কাজে ফেরার পর প্রায় পাঁচ মাস তার সঙ্গে এমন আচরণ করা হয় যেন তিনি কারাগারে ছিলেন। সাবি অভিযোগ করে আরও জানান, ছয় মাস তাকে সাইকিয়াট্রিক ওয়ার্ডে রাখা হয়েছিল।

গত ৬ অক্টোবর চাকরি থেকে বরখাস্তের চিঠি হাতে পান তিনি।

যদিও ২০১২ সালে ভারতের একটি আদালতের দেয়া আদেশ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তার লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারে কোনও আইনি বাধা নেই।

আর ২০১৪ সালের এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতিও দেয়।

সাবি বলেন, “আমি অপরাধী না, আমি বেআইনী কিছু করিনি। আমি শুধুমাত্র আমার সত্যিকারের পরিচয় উন্মোচন করেছি।”