যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার যুদ্ধ পরিকল্পনা হ্যাক করেছে উ. কোরিয়া
উত্তর কোরিয়ার হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার বিপুল পরিমাণ সামরিক নথি চুরি করেছে বলে জানিয়েছেন দেশটির একজন আইনপ্রণেতা।
এসব নথির মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সর্বসাম্প্রতিক যৌথ যুদ্ধ পরিকল্পনা এমনকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার ছকও রয়েছে।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য রি চেওল-হি বলেন, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সমস্ত তথ্য চুরি গেছে।
কোরিয়া উপদ্বীপের চলমান পরিস্থিতিতে দুই মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যে যুদ্ধ পরিকল্পনা করে রেখেছে, চুরি যাওয়া তথ্যগুলোতে তা আছে বলে জানান তিনি।
যদিও সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি বলে জানায় বিবিসি।
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের এমপি রি দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটিরও সদস্য।
রি বলেন, ‘ডিফেন্স ইনটিগ্রেটেড ডেটা সেন্টার’ থেকে প্রায় ২৩৫ গিগাবাইট সামরিক তথ্য চুরি হয়েছে এবং সেগুলোর ৮০ শতাংশ “এখনও চিহ্নিত করা বাকী।”
গত বছর সেপ্টেম্বরে হ্যাকাররা এ তথ্য চুরি করে। এ বছর মে মাসে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বিপুল পরিমাণ তথ্য চুরি যাওয়ার কথা জানায়।
তখন তারা বলেছিল, খুব সম্ভবত উত্তর কোরিয়া সমন্বিত সাইবার হামলা চালিয়েছে। এ বিষয়ে পরে তারা আর কোনও তথ্য দেয়নি।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ইয়ুনহাপের খবরে বলা হয়েছিল, সিউল গত কয়েক বছরে প্রতিবেশী উত্তর কোরিয়ার একের পর এক সাইবার হামলার লক্ষ্য হয়েছে। হ্যাকাররা বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়ার সরকারি ওয়েবসাইট ও অবকাঠামোতেও হামলা চালিয়েছে।
যদিও উত্তর কোরিয়া ওই অভিযোগ অস্বীকার করে বলেছিল, দক্ষিণ কোরিয়া ভুয়া অভিযোগ করছে।
ধারণা করা হয়, বিভিন্ন দেশে বিশেষ করে চীনে উত্তর কোরিয়ার বিশেষভাবে প্রশিক্ষিত হ্যাকাররা রয়েছে।
নিজেদের পারমাণবিক প্রকল্প নিয়ে উত্তর কোরিয়া এর প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি অবস্থানে আছে।
