২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালিদ নিহতে কাশ্মিরে চোখ-কান হারিয়েছে জইশ-ই-মোহাম্মদ: ভারতীয় পুলিশ

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের শীর্ষ সংগঠক উমর খালিদকে হত্যার দাবি করেছে ভারতীয় পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 12:47 PM

Updated : 12 Apr 2022, 12:29 AM

সোমবার উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার লাধুরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর স্পেশাল অপারেশনস গ্রুপ খালিদকে হত্যা করে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।

অভিযানে শীর্ষ এই ‘সন্ত্রাসীর’ কাছ থেকে একটি পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়।

এই ঘটনাকে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে বড় সাফল্য’ হিসেবে দেখছে কাশ্মিরের পুলিশ।

তারা বলছে, খালিদের মৃত্যুতে রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি হয়ে ‍ওঠা সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ‘চোখ-কান’ হারিয়েছে।  

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুনির আহমাদ খান জানান, বেশিদিন টিকে আছে কাশ্মিরে তৎপর এমন বিদেশি ‘সন্ত্রাসীদের’ মধ্যে খালিদ ছিল অন্যতম।

“২০০৯ সাল থেকে সে এখানে কাজ করছে, কাশ্মিরের সবকিছু সম্পর্কেই জানতো  সে,” বলেন তিনি। 

সাম্প্রতিক সময়ে কাশ্মিরের বেশ কয়েকটি আত্মঘাতী হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে খালিদকে দেখা হচ্ছে, যার মধ্যে আছে গত সপ্তাহে শ্রীনগর বিমানবন্দরের ঘটনাও। ওই হামলায় এক সেনা সদস্য নিহত হন।

বান্ধবীর বাড়ি বেড়াতে যাওয়ার সূত্র ধরে পুলিশ খালিদকে অনুসরণ ও পরে হত্যা করতে সক্ষম হয় বলে জানিয়েছে এনডিটিভি।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলছে, পাকিস্তানে প্রশিক্ষণ পাওয়া খালিদের কাজ ছিল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা সন্ত্রাসীদের রিসিভ করে তাদের আত্মঘাতী হামলায় নিয়োজিত করা।

খালিদ সাম্প্রতিক সময়ে সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালানো ১২ সন্ত্রাসীর একটি দলের পরামর্শদাতা ও কমান্ডার ছিলেন বলে দাবি তাদের। 

উত্তর কাশ্মিরের সোপোরে ছিল তার ঘাঁটি। মাসখানেক আগে খালিদের পরিকল্পনাতেই  পুলওয়ামায় জেলা পুলিশ লাইনের ভেতরে হামলা চালানো হয় বলে ধারণা আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর।

ওই হামলায় আধাসামরিক বাহিনীর চার ও পুলিশের চার সদস্য নিহত হন।

গত বছর সেনাবাহিনী বারামুল্লায় জইশ-ই-মোহাম্মদের একটি মডিউলে খালিদের নাম পায়; এরপর থেকেই তাকে খোঁজা শুরু হয়। 

সেনাবাহিনী ও পুলিশের ধারণা, দুই মাস আগে বারামুল্লায় একটি সেনা কনভয়ে হামলা চালিয়ে দুই সেনা ও এক পুলিশ সদস্যকে হত্যার পেছনেও খালিদের দলের হাত আছে।

পুলিশ কর্মকর্তা মুনির জানান, কাশ্মিরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে বছরখানেক ধরেই লস্কর-ই-তৈয়বার চেয়েও বেশি হুমকি হয়ে উঠেছিল জইশ-ই-মোহাম্মদ। এর পেছনেও খালিদের ভূমিকা আছে।  

“গত এক সপ্তাহ ধরে সে আমাদের নজরে ছিল, আজ তাকে শেষ করে দেওয়া হয়েছে,” সন্তুষ্টির সুরে বলেন মুনির।