ঘানায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ৬
ঘানায় প্রাকৃতিক গ্যাসের একটি ডিপোতে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
আহতদের বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়েছে। রাজধানী আক্রায় শনিবার সন্ধ্যায় রাষ্ট্রায়ত্ত জিওআইএল তরল প্রাকৃতিক গ্যাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর পূর্বাংশে অবস্থিত গ্যাস স্টেশনটিতে বিস্ফোরণের পর বিশাল আকারের অগ্নিগোলক আকাশে উঠতে দেখা যায়।
বিস্ফোরণের পর আশেপাশের ভবনগুলোর আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে। তবে অনেককে পুলিশ জোর করে সরিয়ে নিয়েছে বলেও খবর পাওয়া গেছে।
তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ ঘানায় এর আগে ২০১৫ সালে এ ধরনের একটি দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়।
