জেদ্দায় রাজপ্রাসাদের ফটকে হামলা, ২ রক্ষী নিহত
সৌদি আরবের জেদ্দায় গাড়ি নিয়ে রাজপ্রাসাদের ফটকে পৌঁছে গুলি চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে এক বন্দুকধারী; আহত হয়েছে আরও তিনজন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবারের এ ঘটনায় রাজপ্রাসাদের রক্ষীদের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
মন্ত্রণালয়টির এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে আল আরাবিয়া জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় গাড়ি নিয়ে আসা এক ব্যক্তি ফটকের রক্ষীদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামলাকারীর নাম মনসুর আল আমরি। ২৮ বছর বয়সী ওই যুবক একজন সৌদি নাগরিক
আল সালাম নামের ওই রাজপ্রাসাদের পশ্চিম দিকের গেটের বাইরে একটি তল্লাশি চৌকিতে হামলার ঘটনাটি ঘটেছে। গ্রীষ্মের মাসগুলোতে এই রাজপ্রাসাদ থেকেই দাপ্তরিক কাজ চালায় রাজপরিবার।
সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাষ্ট্রীয় সফরে এখন রাশিয়ায় আছেন। তবে তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান হামলার সময় কোথায় ছিলেন বিবৃতিতে তা বলা হয়নি। সৌদি আরবের সাম্প্রতিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদনগুলোতে যুবরাজ মোহাম্মদ জেদ্দায় আছেন বলে বলা হচ্ছিল।
নিরাপত্তা বাহিনী নিহত আমরির কাছে থাকা কালাশনিকোভ রাইফেল ও পেট্রল বোমা জব্দ করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল তুর্কি টেলিফোনে আল আরাবিয়া টেলিভিশনকে জানিয়েছেন, আমরির বিরুদ্ধে অপরাধের কোনো রেকর্ড ছিল না এবং জানামতে জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে তার কোনো যোগাযোগও ছিল না।
কী উদ্দেশ্যে আমরি হামলাটি চালিয়েছে তা বের করার লক্ষ্যে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তুর্কি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জেদ্দার সৌদি রাজপ্রাসাদে হামলার খবর ছড়িয়ে পড়ার পর দেশটিতের অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
