পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের আন্দোলন পেল শান্তির নোবেল
পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টায় চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস- আইসিএএন।
নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রাইস আন্দারসেন শুক্রবার এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পুরস্কার ঘোষণা করে বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার যে বিশ্বে ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে, সে বিষয়ে মানুষকে সতর্ক করার পাশাপাশি এ ধরনের অস্ত্রের ব্যবহার বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইসিএএন-কে নোবেল দেওয়া হচ্ছে।
বিশ্বের ১০১টি দেশের ৪৬৮টি বেসরকারি সংগঠনের আন্তর্জাতিক মোর্চা আইসিএএন যাত্রা শুরু করে ২০০৭ সালে। তুলনামূলকভাবে স্বল্প পরিচিত এই জোটের সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
আইসিএএন-এর চেষ্টা ও চাপে গত জুলাই মাসে জাতিসংঘের ১২২টি সদস্য দেশ পরমাণু অস্ত্র নিরোধ চুক্তির পক্ষে সমর্থন দেয়। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পারমাণবিক অস্ত্রধারী হিসেবে পরিচিত নয়টি দেশ তাতে সাড়া দেয়নি।
বেরিত রাইস আন্দারসেন বলেন, “আমরা আজ এমন এক বিশ্বে বাস করছি, যেখানে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি বিগত বহু বছরের মধ্যে সবচেয়ে বেশি। কিছু রাষ্ট্র এখনও তাদের পারমাণবিক অস্ত্র উন্নত করে কাজ করছে। উত্তর কোরিয়ার মত আরও দেশ এ ধরনের অস্ত্রের মালিক হতে চাইবে- সে আশঙ্কাও রয়েছে।”
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সাম্প্রতিক সময়ে একের পর এক পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে।
এর জবাবে জাতিসংঘে দাঁড়িয়ে উত্তর কোরিয়াকে পুরাপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ।
নোবেল কমিটি বলছে, এই পৃথিবীর বুকে মানুষ এবং সব ধরনের প্রাণের জন্যই পারমাণবিক অস্ত্র একটি হুমকি। আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে পৃথিবীর মানুষ এর আগে ল্যান্ড মাইন, ক্লাস্টার বোমা, রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করতে পেরেছে। কিন্তু তার চেয়ে আরও ভয়াবহ যে অস্ত্র, সেই পারমাণবিক বোমার ব্যবহার বন্ধে এখনও কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব হয়নি।
“ওই আইনি ঘাটতি পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইসিএএন। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ যুক্তি তারা সামনে এনেছে, আর তা হল- এ ধরনের অস্ত্র মানুষের যে অবর্ণনীয় দুর্দশার কারণ ঘটায়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”
এ ধরনের অস্ত্রের ব্যবহার ধারাবাহিকভাবে বন্ধ করতে এবং বিভিন্ন দেশের হাতে থাকা ১৫ হাজার পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে অস্ত্রধারী দেশগুলোকে আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান।
“যুদ্ধের আইন বলছে, বেসামরিক নাগরিকরা যেন কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু না হয়। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরিই হয়েছে বেসামরিক মানুষকে হত্যার জন্য। সেগুলো তৈরি হয়েছে যেন পুরো শহর ধ্বংস করে দেওয়া যায় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং পারমাণবিক অস্ত্র রাখার পেছনে কোনো অজুহাতই টেকে না।”
পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি অনুযায়ী, জাতিসংঘের ৫০টি সদস্য দেশ তাতে অনুস্বাক্ষর করলেই পারমাণবিক অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলো এ ধরনের অস্ত্রের উন্নয়ন, পরীক্ষা, উৎপাদন, মজুদ, মোতায়ন বা হস্তান্তর করতে পারবে না।
বাংলাদেশসহ মোট ৫৩টি দেশ এ পর্যন্ত এই চুক্তিতে সই করেছে। তবে অনুস্বাক্ষর করেছে কেবল গিনি, থাইল্যান্ড আর ভ্যাটিকান।
আইসিএএন-এর নির্বাহী পরিচালক বলেন, এখানে প্রতিটি দেশই গুরুত্বপূর্ণ। যত বেশি দেশ এই চুক্তি অনুস্বাক্ষর করবে, এই আইন তত বেশি শক্তিশালী হবে।”
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।
রয়টার্স লিখেছে, ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ঐতিহাসিক চুক্তিতে মধ্যস্থতার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদরিকা মোগেরিনি এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের নাম এবার নোবেলের আলোচনায় জোরালোভাবে ছিল। কিন্তু তার বদলে অনেকটাই অপরিচিত আইসিএএন পুরস্কার পেয়ে যাওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছে।
অন্যদিকে নরওয়ের নোবেল কমিটি বলেছে, আলফ্রেড নোবেলের উইলে শান্তি পুরস্কার পাওয়া যোগ্যতা হিসেবে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। দেশের দেশে সাম্য প্রতিষ্ঠা, নিরস্ত্রীকরণে সাফল্য এবং শান্তি সম্মিলনের উদ্বুদ্ধ করা। সেই বিচারে আইসিএএন-এর কাজকে নোবেলের উইলে বর্ণিত যোগ্যতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে নোবেল কমিটি।
পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবে আইসিএএন। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।
পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার স্বীকৃতি হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসকে গতবছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
