রাশিয়ায় ট্রেনের ধাক্কায় ১৬ বাসযাত্রী নিহত
রাশিয়ার পোকরভ শহরে একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসকে একটি ট্রেন সজোরে ধাক্কা দিলে অন্তত ১৬ বাসযাত্রী নিহত হয়।
রাজধানী মস্কোর কাছে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় দেশটির তদন্ত কমিটি।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে রয়টার্স জানায়, রেললাইনের উপর আটকে যাওয়া বাসটিকে সজোরে ধাক্কায় দিয়ে ঠেলতে ঠেলতে কয়েকশ মিটার দূরে গিয়ে ট্রেনটি থামে।
দুমড়েমুচড়ে যাওয়া বাসটিতে উজবেকিস্তানের অভিবাসী শ্রমিকরা ছিলেন।
রেলওয়ে মুখপাত্র ভ্লাদিমির মিয়াকভ বলেন, “রেললাইনের উপর দুর্ঘটনা কবলিত বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল।”
“কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘লোকজন বাসটি ঠেলে রেললাইনের উপর থেকে সরানোর চেষ্টা করেছিল’। ওই মুহূর্তে ট্রেনটি এসে পড়ে এবং এ সংঘর্ষ হয়।”
বাসটিতে কাজাখাস্তানের নম্বর প্লেট লাগানো ছিল বলে জানা গেছে।
