২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে পদদলনের ঘটনার সময় ‘যৌন উৎপীড়ন’, তদন্তে পুলিশ

মুম্বাইয়ের এলফিনস্টোন রেলস্টেশনের ফুটওভারব্রিজে পদদলনের ঘটনার সময় আরেকটি অপরাধের ঘটনা ঘটেছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 02:27 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

শুক্রবারের ওই ঘটনার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মানুষের নিচে চাপা পড়া এক নারীকে সম্ভবত উৎপীড়ন করছে উদ্ধার করতে আসা এক ব্যক্তি।

মিড-ডে ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে দদর পুলিশ স্টেশনের সূত্রের বরাতে বলা হয়, দেখে মনে হয়েছে ওই নারীর অসহায় অবস্থার সুযোগ নিচ্ছে ওই ব্যক্তি।

কিন্তু তদন্তের উদ্দেশ্যে পুলিশ অন্যান্য যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যেসব ফুটেজ সংগ্রহ করেছে তা দেখে মনে হয়েছে, ওই ব্যক্তি আটকে পড়া লোকজনকে সাহায্য করছিলেন।

মুম্বাইয়ের জোন ফাইভের ডেপুটি পুলিশ কমিশনার রাজিব জৈন মিড-ডে’কে বলেছেন, “পদদলনের ঘটনায় এখন পর্যন্ত আমরা ৩৫ জনেরও বেশি মানুষের বক্তব্য নিয়েছি। পাশাপাশি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক ব্যক্তি মানুষের নিচে চাপা পড়া এক নারীর অবস্থার সুযোগ নিচ্ছে বলে প্রতীয়মান হওয়া ঘটনাটির সত্যতাও তদন্ত করছি আমরা।

“ভিডিওতে দেখা ওই ব্যক্তিকে খুঁজছি আমরা। আমাদের কাছে আরও কয়েকটি ভিডিও আছে; যখন ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে, তখন আমরা সত্যটা জানতে পারবো।”

ঘটনার পর তদন্তের চতুর্থ দিনে অনেক লোক পুলিশের কাছে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের কারণে তারা ওভারব্রিজের সিঁড়িতে দাঁড়িয়েছিলেন, তখন হঠাৎ করে পেছন থেকে লোকজনের ধাক্কায় তারা নিচে পড়ে যান। 

রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তা তদন্তের কোনো কাজে লাগেনি, কারণ সেখানে টিকেট কাউন্টারের সামনে জড়ো হওয়া লোকজনকেই শুধু দেখা গেছে।

ঘটনার দিন অন্যান্য যাত্রীদের ধারণ করা ১৫টি পৃথক ভিডিও ও বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখছে পুলিশ।