২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে ইতালি

উত্তর কোরিয়ার সর্বশেষ পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইতালি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 06:00 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো রোববার একথা জানিয়েছেন।

তিনি বলেন, “(উত্তর কোরিয়ার) রাষ্ট্রদূতকে ইতালি ত্যাগ করতে হবে। আমরা পিয়ংইয়ংকে একথাই বোঝাতে চাই যে, তারা যদি পথ পরিবর্তন না করে তবে বিচ্ছিন্নতা অনিবার্য।”

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে স্পেনও ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে এবং পর্তুগাল পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলেও জানান তিনি।

এর আগে ১৭ সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দেয় আরব উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত।

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়ন প্রকল্পের কাজের গাতি বাড়িয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইছে।

সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর তারা ষষ্ঠ পরমাণু অস্ত্র ‍পরীক্ষা চালায়, যা আগের গুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল।

এ অস্ত্র পরীক্ষার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ মাসের শুরুর দিকেই উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর যুক্তরাষ্ট্রও বিভিন্ন দেশকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিণ্ন করার আহ্বান জানিয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্প ‍নিয়ে পিয়ংইয়ং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার লড়াই চরম পর্যায়ে পৌঁছে গেছে।

উভয় পক্ষ এক অপরকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। যেকারণে কোরীয় উপদ্বীপে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, সংকট সমাধানে তারা পিয়ংইয়ংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।