টুইটারে সৌদি নারীদের গাড়ি চালানো নিয়ে হুমকি, গ্রেপ্তারি পরোয়ানা
‘নারী গাড়ি চালকদের সহায়তা করলে হত্যা করা হবে’ টুইটারে এক ব্যক্তি এরকম হুমকি দেওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সৌদি আরব সরকার।
গত মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান একটি ফরমান জারি করে দেশটির নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন।
আগামী বছর জুনে থেকে ওই ফরমান কার্যকর হবে; যার মাধ্যমে সৌদি নারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
তবে যে টুইটার একাউন্ট থেকে ওই হুমকি দেওয়া হয়েছে তার মালিকের নাম এখনও জানা যায়নি বলে জানায় বিবিসি।
স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে বিবিসি আরও জানায়, শনিবার পাবলিক প্রসিকিউটরের পক্ষ থেকে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
একই কারণে দুই দিন আগে আরও এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই ব্যক্তি অনলাইনে একটি ভিডিও লিংক পোস্ট করেন, সেখানে তাকে নারী গাড়ি চালকদের উপর হামলা করার হুমকি দিতে দেখা যায়।
সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন সৌদ বিন নায়েফ।
