গণভোটের আগে শেষ সমাবেশে কাতালানরা
স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হওয়ার পরিকল্পনায় আয়োজিত গণভোটের আগে শেষবারের মতো সমাবেশ করেছে লাখ লাখ কাতালান।
শুক্রবার স্বায়ত্তশাসিত কাতালুনিয়া অঞ্চলের রাজধানী বার্সেলোনায় সমাবেশটি হয়।
রোববারের গণভোটের আগে বিশাল এই জমায়েতের উদ্দেশ্যে কাতালুনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন বলেছেন, সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করার প্রথম পদক্ষেপ নিতে যাচ্ছে কাতালুনিয়া।
“বন্ধুরা বিজয় সুনিশ্চিত; রোববার গণভোটের পোশাক পরে আসুন আর ঘর ছাড়ুন ইতিহাস বদলাতে,” সমাবেশে লাখো সমর্থকের উদ্দেশ্যে এমনটাই বলেন কাতালুনিয়া সরকারের প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন।
এর আগে পূর্বসূরি আর্তুর মাসকে নিয়ে বার্সেলোনায় সমর্থকদের সমাবেশে এসে উপস্থিত হন কার্লোস পুজদেমন; এসময় মঞ্চে প্রদর্শিত হয় বড় অক্ষরের ‘গণভোটই গণতন্ত্র’ শীর্ষক ব্যানার।
স্পেনের সরকার প্রথম থেকেই এই গণভোটের বিরোধিতা করে আসছে; ভোট ঠেকাতে দেশের বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে কাতালুনিয়ায় মোতায়েন করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
স্বাধীনতাকামীদের প্রচার ঠেকাতে সপ্তাহজুড়ে কাতালুনিয়ার আকাশে বাণিজ্যিক হালকা বিমানের উড্ডয়ন বন্ধ রেখেছে স্পেনের কর্তৃপক্ষ।
ব্যবহারকারীরা প্লে স্টোর থেকে অ্যাপটি এখন আর নামাতে পারছেন না, তবে আগে যারা নামিয়েছেন তারা সেটি ব্যবহার করতে পারছেন বলে জানিয়েছে বিবিসি।
সরকারি ভবনগুলো যেন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত না হয় সেজন্য ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্পেন সরকার।
অন্যদিকে স্বাধীনতার পক্ষে আন্দোলনকারীরা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন বিভিন্ন স্কুলের আশপাশ দখলে রেখেছে। স্কুলগুলোর সামনে শত শত ট্রাক্টর জড়ো করে সেগুলো ঘিরে রেখেছে তারা। ভোটের জন্য সারা কাতালুনিয়ায় দুই হাজারের বেশি কেন্দ্র খোলার কথা জানিয়েছে আঞ্চলিক সরকার।
গত কয়েক সপ্তাহ ধরে বিপুল পরিমাণ নির্বাচনী সামগ্রী জব্দ করার কথা জানিয়েছে পুলিশ; ভোটের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করারও প্রস্তুতি চলছে।
এতকিছুর পরও অনড় কাতালুনিয়ার স্বাধীনতাপন্থিরা।
উত্তরপূর্ব স্পেনের সমৃদ্ধশালী অঞ্চল কাতালুনিয়ার নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। স্পেনের কাছ থেকে অধিক মাত্রায় স্বায়ত্তশাসন পেলেও স্পেনের সংবিধানে আলাদা জাতির মর্যাদা পাওয়ার সুযোগ নেই।
গত পাঁচ বছর ধরে দেশটিতে গণভোটের পক্ষে জোয়ার দেখা দিলেও ২০১৫ সালের আঞ্চলিক নির্বাচনে অখণ্ড স্পেনের পক্ষে থাকা দলগুলো প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল। কিন্তু ওই নির্বাচনে জয়ী হয় স্বাধীনতাপন্থিরা। জয়ী হয়ে তারা স্বাধীনতার ইস্যুতে ২০১৭ সালে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছিল।
স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় শুরু থেকেই কাতালানদের স্বাধীনতার দাবি প্রত্যাখ্যান করে আসছেন। ২০১৪ সালের ‘ট্রায়াল রেফারেন্ডামের’ পর কাতালানদের বৈধ গণভোট আয়োজনের প্রস্তাবেও সাড়া দেননি তিনি।
অখন্ড স্পেনের পক্ষে থাকা লোকজন কাতালানদের বিচ্ছিন্নতার দাবিকে অযৌক্তিক অ্যাখ্যা দিয়ে বলেছেন, বাস্ক এবং গেলিসিয়ার মতো এলাকার তুলনায় অনেক বেশি স্বায়ত্তশাসন পেয়ে আসছে কাতালুনিয়া।
স্পেন সরকারের মুখপাত্র ইনিগো মেন্দেজ দে ভিগো কাতালান আঞ্চলিক সরকারকে একরোখা এবং একপেশে অ্যাখ্য দিয়েছেন। মাদ্রিদের প্রতিও অনেকদিন ধরেই একইরকম অভিযোগ করে আসছে কাতালানরা।
এতসব উত্তেজনার মধ্যেও স্বাধীনতাপন্থিরা শান্তিপূর্ণ গণভোট আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছে বিবিসি।
“সহিংসতা ব্যবহার করে কিংবা তা উসকে দিয়ে কাতালানদের স্বাধীনতা আন্দোলনের শান্তিপূর্ণ চেহারা বদলাতে কেউ চাইবে বলে মনে হয় না,” বলেছেন কার্লোস পুজদেমন।
