যুক্তরাজ্য ইউরোপকে সুরক্ষা দিয়ে যাবে: টেরিজা মে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে গেলেও শর্তহীনভাবে ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তায় তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
ইইউ ডিজিটাল সম্মেলনের আগে উত্তর এস্তোনিয়ার নেটো ঘাঁটির ব্রিটিশ সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় মে একথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
ব্রেক্সিট এর ফলে যে কিছুই পরিবর্তন হবে না তার কথার মধ্য দিয়ে নেটো সেনাদেরকে সে আশ্বাসই দিয়েছেন মে।
ইউরোপের দেশগুলোর শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে শুক্রবার এস্তোনিয়ার রাজধানী তালিনে সম্মেলনের আয়োজিন করা হয়।
ব্রেক্সিট প্রস্তুতির মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ব্রাসেলসের সঙ্গে নতুন নিরাপত্তা অংশীদারিত্বও গড়ে তোলার কথা ভাবছেন।
সাইবার হুমকি মোকাবেলায় মে ইউরোপের অন্যান্য দেশগুলোকে যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের সহায়তারও প্রস্তাব দিয়েছেন।
ডিজিটাল সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে মে’র বৈঠক করার কথা আছে।
উত্তর ইউরোপের দেশগুলো রাশিয়ার আগ্রাসী পদক্ষেপে ‘ভীত হওয়ার পর’ এস্তোনিয়ার তাপায় ঘাঁটি গাড়ে নেটো। এপ্রিল থেকে সেখানেই এস্তোনিয়া ও ফ্রেঞ্চ বাহিনীর সঙ্গে আছে ৮০০ ব্রিটিশ সেনা।
আগামী বছরের শুরুতে ঘাঁটিতে ডেনমার্কের সৈন্যরাও যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
মে’র সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং এস্তোনিয়ার প্রধানমন্ত্রী জুরি রাতাস নেটো ঘাঁটিটি পরিদর্শনে যান।
ব্রিটিশ সেনাদের উদ্দেশ্য করে মে বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়লেও ইউরোপ ছাড়ছে না। যে কারণে মহাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষায় তারা আগের মতই শর্তহীনভাবে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে।
তিনি বলেন,“রাশিয়ার ধারাবাহিক আগ্রাসী অবস্থান এস্তোনিয়ার মতো লাটভিয়া, লিথুনিয়া ও পোল্যান্ডের বন্ধুদের জন্যও হুমকি হয়ে উঠছে; আমরা অবশ্যই এর বিরুদ্ধে স্পষ্ট ও দ্ব্যর্থহীন প্রতিক্রিয়া জানাব।”
“আক্রমণ প্রতিহত ও প্রতিরক্ষায় নেটোর অবস্থানের মাধ্যমে আমরা দেখাতে চাই, যে কোনও হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত।”
