খোঁজ মিলল মোনালিসার নগ্ন স্কেচের
ফ্রান্সের এক শিল্প সংগ্রহে দেড়শ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা একটি চারকোল ড্রয়িংকে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার নগ্ন খসড়া হিসাবে দাবি করেছেন এক ফরাসি শিল্প বিশেষজ্ঞ।
মোনা ভানা নামের ওই স্কেচটি লিওনার্দো দ্য ভিঞ্চির স্টুডিওতে কোনও শিল্পী এঁকেছিল বলে এতদিন ধারণা করা হত। কিন্তু বিশেষজ্ঞরা এখন বলছেন, মোনালিসার আসল ছবির মত এ নগ্ন স্কেচটিও ভিঞ্চির নিজের আঁকা বলে অসংখ্য প্রমাণ মিলেছে।
বিবিসি বলছে, প্যারিসের ল্যুভর মিউজিয়ামে নানান পরীক্ষা নিরীক্ষা শেষে কিউরেটররা স্কেচটিতে লিওনার্দোর হাত পড়েছিল বলে দাবি করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মূল মোনালিসা ছবিটি আঁকার আগে খসড়া এ নগ্ন স্কেচটি করা হয়েছিল।
প্যারিসের উত্তরে শ্যান্তিলি প্যালেসের কন্দে মিউজিয়ামে ১৮৬২ সাল থেকে রেনেসাঁ যুগের শিল্পকর্মের মধ্যে স্কেচটি ছিল।
ইতালির রেনেসাঁ যুগের অন্যতম সেরা চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির তেলচিত্রে আঁকা মোনালিসাকে বিশ্বের সবচেয়ে পরিচিত ও মূল্যবান চিত্রকর্মের একটি হিসেবে বিবেচনা করা হয়।
কাপড় ব্যবসায়ী ও ফ্লোরেন্সের কর্মকর্তা ফ্রান্চেসকো দেল জিওকোন্দোর অনুরোধে তার স্ত্রী লিসা জেরার্দিনির প্রতিকৃতি আঁকতে গিয়ে মোনালিসার জন্ম হয় বলে অনেক শিল্প বিশেষজ্ঞের ধারণা।
কিউরেটর ম্যাথিউ দেলদিক্যুর ধারণা, জীবনের একেবারে শেষপ্রান্তে এসে লিওনার্দো মোনালিসা আাঁকার সময়ই তার নগ্ন স্কেচটি আঁকেন।
“স্কেচে যেভাবে হাত এবং মুখের অংশ আঁকা হয়েছে, তা সত্যিই অসাধারণ। এটি মোটেই বিবর্ণ কোনও নকল নয়; এটি অবশ্যই কোনও তেলচিত্র আঁকার পূর্বপ্রস্তুতি ছিল।”
তার মতে, যে তিন কারণে মোনা ভানাকে লিওনার্দোর শিল্পকর্ম ভাবা হচ্ছে, তার মধ্যে আছে- মোনালিসার সঙ্গে স্কেচটির হাত ও শরীরের সামঞ্জস্যতা, দুটি চিত্রকর্মের আকার প্রায় একইরকম এবং স্কেচের চারপাশে ছোট ছোট গর্ত।
অন্য কোনো ক্যানভাসে এই স্কেচের আকার ব্যবহারে ওই গর্তগুলো করা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।
স্কেচটির মাথার কাছে হ্যাচিংয়ের অংশটি ডানহাতি কারও আঁকা বলেও মত দেলদিক্যুর। লিওনার্দো আঁকতেন বাম হাতে।
তিনি বলেন,“আমাদের বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে; পুরো কাজ শেষ হতে সময় লাগবে; এই ধরনের ছবি নিয়ে কাজ করা কঠিন, কারণ এটি সম্পূর্ণ নয়।
