২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুয়া খবরের সম্রাট’ পল হর্নারের মৃত্যু

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ‘মিথ্যা ও ভুল তথ্যের খবর’ দিয়ে কুখ্যাতি অর্জন করা পল হর্নার মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 01:34 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

বিবিসি জানিয়েছে, আরিজোনার লেভিনের একটি বাসভবন থেকে গত ১৮ সেপ্টেম্বর ৩৮ বছর বয়সী এই লেখকের মৃতদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা সন্দেহ করছেন।

ফেইসবুক এবং নিজের বানানো ওয়েবসাইটগুলোতে ভুয়া খবর ও নিবন্ধ প্রকাশ করার কারণে পরিচিতি পেয়েছিলেন হর্নার। যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার কারণেই জয়ী হয়েছেন বলে দাবি করেছিলেন তিনি।

মায়ের বাসভবনে ঘুমের মধ্যেই হর্নার মারা যান বলে তার ভাই জেজে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন।

পোস্টে হর্নারকে ‘ইন্টারনেটের জাদুকর, মানবতাবাদী, আন্দোলনকর্মী, দার্শনিক ও কৌতুকাভিনেতা’ বলে আখ্যায়িত করেন জেজে।

মেরিকোপা কাউন্টি পুলিশের মুখপাত্র মার্ক কেসি হর্নারের মৃত্যুর খবর নিশ্চিত করেন। হর্নারকে খুন করা হয়ে থাকতে পারে ময়নাতদন্তে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

কেসি বলেন, অতিরিক্ত ওষুধ সেবনের ঘটনা আগেও ঘটিয়েছিলেন হর্নার।

“ঘটনাস্থলে পাওয়া আলামত দেখে মনে হচ্ছে এটি অতিরিক্ত ওষুধ সেবনজনিত দুর্ঘটনা,” বলেন তিনি।

গত বছরের নভেম্বরে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হর্নার বলেছিলেন, তার কারণেই হোয়াইট হাউসের ঠিকানা পেয়েছেন ট্রাম্প। 

“ট্রাম্প সমর্থকরা সবসময়ই আমার সাইটগুলোকে বেছে নিয়েছেন। তার অনুসারীরা কখনোই তথ্যের সত্যতা খুঁজতেন না; তারা সবকিছু পোস্ট করতেন, সবকিছু বিশ্বাস করতেন,”বলেছিলেন তিনি। 

হিলারি ক্লিনটনের সমর্থকদের লক্ষ্যবস্তু বানিয়ে তার প্রতিদ্বন্দ্বীকে সুবিধা পাইয়ে দিতে এসব ভুয়া খবর বানিয়েছিলেন, এমন অভিযোগ অস্বীকার করেছিলেন হর্নার। বলেছিলেন, “আমি ট্রাম্পকে ঘৃণা করি।”

২০১৬-র নির্বাচনী প্রচারে ‘ভুয়া খবর’গভীর উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছিল, ভোটের ফলাফলেও এসব খবরের প্রভাব ছিল বলে অভিযোগ অনেকের।

প্রবল চাপের মুখে পরে ফেইসবুকের মতো প্রতিষ্ঠানও যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের সঙ্গে ইন্টারনেটে ভুয়া খবর ছড়ানোয় জড়িতদের শনাক্ত এবং তারা ভোটারদের প্রভাবিত করতে ভূমিকা রেখেছিল কি না তার খোঁজে কাজ করছে। 

বিবিসি বলছে, হর্নার তার সৃষ্টির জালে বারাক ওবামাকেও জড়িয়েছিলেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট মৌলবাদী মুসলিম ও সমকামী ছিলেন বলেও হর্নারের প্রকাশিত বিভিন্ন ভুয়া ‘খবরে’ দাবি করা হয়েছিল।  

হর্নারের বানানো জাল খবরের সাইটগুলোর মধ্যে একটি ছিল নিউজএক্সামিনার ডট নেট। ‘ভুয়া খবরের সম্রাট’ তার ওয়েবসাইটগুলোর নাম এমন রাখতেন যেন পাঠকরা সহজেই সেখানকার খবরগুলো বিশ্বাস করে, মন্তব্য বিবিসির। 

হর্নার অবশ্য ভুয়া খবর দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার সব কাজ ‘রাজনৈতিক ব্যাঙ্গধর্মী’।

“এগুলোর মধ্যে প্রবল হাস্যরস ও কৌতুক আছে। আমি এগুলো করি জনগণকে শিক্ষিত করতে; সমাজের কিছু জায়গায় সমস্যা আছে, যা আমি পছন্দ করিনা, তাই ভিন্ন ধরণের লক্ষ্য নির্ধারণ করেছি,” গত বছরের ডিসেম্বরে সিএনএনকে এমনটাই বলেছিলেন হর্নার।