২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়া কৌশলে নিষেধাজ্ঞা এড়াচ্ছে, সন্দেহ যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়া কৌশলে নিষেধাজ্ঞা এড়াচ্ছে বলেই মনে করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে জ্বালানি নিয়ে এবছর উত্তর কোরিয়ার অন্তত আটটি জাহাজ নিজ দেশের দিকে গেছে, যদিও খাতা-কলমে সেগুলোর গন্তব্যস্থল ভিন্ন দেশ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2017, 08:04 PM

Updated : 25 Jul 2022, 09:04 PM

নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়া প্রায়ই এ কৌশল অবলম্বন করে বলে জানান যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা।

পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণে উত্তর কোরিয়ার ওপর নানা ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে।

রয়টার্স জানায়, তাদের হাতে থাকা শিপ-ট্রাকিং ডেটা অনুযায়ী জাহাজগুলো নির্দিষ্ট গন্তব্যে না গেলেও সেগুলোর বেআইনি কিছু করার প্রমাণ তাদের কাছে নেই।

মাঝপথে জাহাজের গন্তব্যস্থল পরিবর্তন করা বেআইনি নয় এবং উত্তর কোরিয়ায় ওই জাহাজগুলো খালি করা হয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্স জানায়, ওই জাহাজগুলো রাশিয়ার পূর্বাঞ্চলের বন্দর ভ্লাদিভস্তোক বা কাছের নাখোদকা বন্দর থেকে রওয়ানা হয়।

স্টেট পোর্ট কন্ট্রোলের তথ্য বাতায়নে সেগুলো চীন অথবা দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা।

কিন্তু রাশিয়া থেকে ছেড়ে আসার পর সেগুলো উত্তর কোরিয়ার কিমচায়েক,  চংজিন, হুংনাম অথবা নাজিন বন্দরে থেমেছে। সেগুলোর কোনোটিই চীনে যায়নি এবং বেশিরভাগই সেখান থেকে রাশিয়া ফিরে গেছে বলেও জানায় রয়টার্স।

ভ্লাদিভস্তোক বন্দরে জাহাজগুলোর রক্ষণাবেক্ষণের কাজ করা কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সবগুলো জাহাজেই একটি করে ডিজেল ভর্তি কার্গো ছিল। ওই কার্গোগুলো পাঁচশ  থেকে দুই হাজার টন তরল ধারণে সক্ষম।

জাহাজগুলোর মধ্যে মা ডু সান নামে একটি জাহাজ উত্তর কোরিয়ার একটি জাহাজ কোম্পানির।

রাশিয়ার তথ্য বাতায়ন থেকে স্টেট পোর্ট কন্ট্রোলে দেওয়া তথ্যানুযায়ী, মা ডু সান গত ২০ মে রাশিয়া ছাড়ে এবং সেটির পরবর্তী গন্তব্যস্থল চীনের ঝ্যানজিয়াং বন্দর।

কিন্তু রয়টার্সের হাতে পড়া জাহাজটির ল্যান্ডিং বিল অনুযায়ী দেখা যায়, সেটি দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, মা ডু সানের পরবর্তী গন্তব্যস্থল রেকর্ড করা হয় উত্তর কোরিয়ার কিমচায়েক বন্দরের কিনারে।

অন্য জাহাজগুলোর গতিপথ জানতেও উত্তর কোরিয়ার বন্দরগুলোর আশেপাশের এলাকায় নজর রাখা হয়। কিন্তু জাহাজগুলো সংকেত পাঠানোর যন্ত্র বন্ধ রাখে এবং স্যাটেলাইটেও ওই সময় জাহাজগুলোর গতিবিধি ধরা পড়েনি।