আরব-কাতার সংকট সমাধানে সংলাপের আহ্বান রাশিয়ার
কূটনৈতিক সংকট সমাধানে আরব দেশগুলোর সঙ্গে কাতারের সরাসরি আলোচনায় বসা উচিত বলে মত দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রোববার সৌদি আরব সফরকালে সব পক্ষকে আঞ্চলিক ঐক্য গড়ার আহ্বন জানিয়ে ল্যাভরভ ওই কথা বলেন।
গত ৫ জুন সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে সৌদি আরব, আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। কাতার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
জেদ্দায় এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, “আমরা আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে আমাদের অবস্থান নিশ্চিত করেছি। সব পক্ষের স্বার্থ এবং উদ্বেগকে বিবেচনায় নিয়ে একটি সমাধানে পৌঁছানো এবং উদ্বেগের বিষয়গুলোকে সরাসরি প্রকাশ করার পক্ষে আমাদের অবস্থান।”
তিনি আরও বলেন, “মধ্যস্থতার যে প্রচেষ্টা ফল বয়ে আনে এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ঐক্য ফিরিয়ে আনা যায় সে সব মধ্যস্থতা প্রচেষ্টাতেই আমরা আগ্রহী।”
‘প্রকৃত ঘটনা বিকৃত করার’ অভিযোগ এনে কাতারের সঙ্গে প্রস্তাবিত সংলাপ গত সপ্তাহেই স্থগিত করেছে সৌদি আরব।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর এক সংবাদ সম্মেলনে বলেছেন, কাতারকে দেখাতে হবে যে তারা সংকটের সমাধান খুঁজে পাওয়ার ব্যাপারে আন্তরিক।
