২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন ইরমার কবলে ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার দক্ষিণের দ্বীপগুলোতে আছড়ে পড়েছে ক্যাটাগরি চার ঘূর্ণিঝড় ইরমা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 12:09 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

রোববার সকাল ৯ টা ১০ এর দিকেই শুরু হয়ে গেছে ইরমার তাণ্ডব। প্রতি ঘণ্টায় ১৩০ মাইল বেগে হাওয়া বইছে বলে জানিয়েছে জাতীয় হারিকেন কেন্দ্র।

বাতাসের গতি আরও বাড়ার আশঙ্কা আছে। ইরমার প্রভাবে এরই মধ্যে সমুদ্র উত্তাল, আকাশ অন্ধকার হয়ে ভারী বৃষ্টিও শুরু হয়েছে। দক্ষিণ ফ্লোরিডার প্রায় ১৬ শতাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

‘ফ্লোরিডা কীজ’ নামে পরিচিত দক্ষিণের দ্বীপগুলোতে ইরমা দু’ঘন্টা অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলীয় ‘কী ওয়েস্ট’ এলাকাও।

ফ্লোরিডা উপকূলে সাগরের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।

ফ্লোরিডার পশ্চিমাঞ্চলের উপসাগরীয় উপকূল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য গভর্নর রিক স্কট। ঝড়টি ওই পথই অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।.

ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ এড়াতে ফ্লোরিডার প্রায় ৬৩ লাখ লোককে জরুরি ভিত্তিতে সরে যেতে বলা হয়েছে।

গত এক শতাব্দীর মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডবলীলা চালিয়ে অন্তত ২৫ জনের প্রাণ নিয়েছে।

শুরুতে পাঁচ মাত্রার শক্তিশালী ঝড় হিসেবে ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দ্বীপ পেরিয়ে এসে শুক্রবার কিউবায় আঘাত হানে ইরমা। এরপর ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়লেও পরে চার ক্যাটাগরি শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হেনেছে।

টাম্পা বে ও সেইন্ট পিটার্সবার্গ শহর ঝড়ের পথে থাকায় সেখানে ভয়াবহ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৩০ লাখ বাসিন্দার টাম্পা বে ১৯২১ সালের পর এবারই প্রথম কোনো শক্তিশালী ঝড়ে পড়েছে।

অঙ্গরাজ্যের প্রায় ৫০ হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে ফ্লোরিডা সরকার। কয়েকটি এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো দ্রুত ভরাট হয়ে যাওয়ায় জায়গা না পেয়ে অনেকেই ফিরে গেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

টাম্পা এবং সেন্ট পিটার্সবোর্গের মত এলাকাগুলোর ওপর দিয়ে ঝড়টি বয়ে যাওয়ার কথা থাকায় এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। টাম্পা বে এলাকায় আছে প্রায় ৩০ লাখ মানুষ। ১৯২১  সালের পর তারা আর এরকম ভয়ংকর ঝড়ের কবলে পড়েনি।

এবিসি নিউজে এক সাক্ষাৎকারে প্রাণঘাতী এ ঝড়ের কবলে পড়া ফ্লোরিডাবাসীর জন্য প্রার্থনা করতে বলেছেন রাজ্যটির গভর্নর রিক স্কট।

ঝড়ে বাড়িঘর ডুবিয়ে দেওয়ার মতো জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা আছে। ফলে এ ঝড়ের কারণে রাজ্যে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ক্যাটেগরি-৪ ঝড় ইরমার গতি আরও বেড়ে গেলে তছনছ হয়ে যেতে পারে ফ্লোরিডা। আর তখন বহু মনুষের প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতির চিত্রটা আরও ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফ্লোরিডার কেন্দ্রস্থল, টাম্পা, ফোর্ট মায়ার্স, নেপলস এবং কী ওয়েস্ট এলাকায় ইরমা বিধ্বংসী তান্ডব চালাতে পারে বলে আবহাওয়াবিদদের আশঙ্কা।

ঝড়টি আরও শক্তি অর্জন করে কিনা সেটিই সবচেয়ে বড় ভয়, বলেছেন টাম্পার মেয়র।

ঝড়ের প্রভাবে অন্যান্য রাজ্যগুলোও ক্ষয়ক্ষতির শিকার হতে পারে। সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, আটলান্টা, অ্যালাবামা এবং নর্থ ক্যারোলাইনাতেও ঝড়ের প্রভাব পড়তে পারে।

ওইসব রাজ্যের কর্মকর্তারা ঝড়ের গতিবিধির ওপর নজর রাখছেন এবং পূর্বসতর্কতামূলক ব্যবস্থাও নিচ্ছেন। সাউথ ক্যারোলাইনার কয়েকটি দ্বীপাঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। জর্জিয়ায় ৯৪ টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আটলান্টাতেও ঝড়ের সতর্ক সংকেত দেওয়া হয়েছে। সোম ও মঙ্গলবারে ঝড়ের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে স্কুল।