যুক্তরাষ্ট্রে ‘ধ্বংসাত্মক’ হতে পারে হারিকেন ইরমা
ফ্লোরিডা কিংবা এর আশেপাশের রাজ্যগুলোতে ‘ধ্বংস’ ডেকে আনতে পারে হারিকেন ইরমা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি সেবা সংস্থার প্রধান ব্রক লং এমন আশঙ্কাই প্রকাশ করেছেন।
তিনি বলেন, ফ্লোরিডা কয়েকদিন বিদ্যুৎবিহীন থাকতে পারে এবং ১ লাখেরও বেশি মানুষের নিরাপদ আশ্রয়ের প্রয়োজন পড়তে পারে।
ক্যারিবীয় অঞ্চলে একের পর এক দ্বীপকে ধ্বংসস্তুপে পরিণত করে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইরমা। ঝড়টির শক্তি আগের চেয়ে কমে এটি চার ক্যাটাগরিতে পরিণত হলেও কর্মকর্তারা বলছেন, ইরমা এখনও ‘অত্যন্ত ভয়ংকর’।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলেছে, ঘন্টায় প্রায় ১৬৫ মাইল (২৭০ কিলোমিটার) বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ফ্লোরিডার ওপর দিয়ে। রোববার ঝড়ের তান্ডবের আশঙ্কায় এরই মধ্যে প্রায় ৫ লাখ মানুষকে ফ্লোরিডার দক্ষিণাঞ্চল ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
ব্রক লং বলেন, “হারিকেন ইরমা এখনও হুমকি। এ ঝড় ফ্লোরিডা কিংবা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ধ্বংস করে ফেলতে পারে।”
ঝড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে দক্ষিণ ফ্লোরিডা কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র।
