‘শনিবার আইসিবিএম উৎক্ষেপণ করতে পারে উ. কোরিয়া’
উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক অস্ত্র পরীক্ষার এক সপ্তাহও পেরোয়নি এরই মধ্যে আগামী শনিবার দেশটি তাদের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আরেকটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করতে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ন।
বৃহস্পতিবার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে লি বলেন, “পরিস্থিতি খুবই গুরুতর। উত্তর কোরিয়ার পুরোপুরি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ হয়ে উঠতে আর খুব বেশি সময় বাকি নেই বলেই প্রতীয়মান হচ্ছে।”
“তাদের এ বেপরোয়া কর্মকান্ড বন্ধ করতে জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
উত্তর কোরিয়া থেকে সুরক্ষায় যু্ক্তরাষ্ট্রের নির্মিত বিতর্কিত থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চূড়ান্ত অংশটি বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। সেখানে এ ব্যবস্থার বিরোধিতাও করেছে স্থানীয়রা।
কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামমন্ত্রণালয়ের মুখপাত্র থাড সিস্টেমকে উত্তর কোরিয়ার বাড়তে থাকা হুমকি মোকাবেলায় জরুরি বলে মত দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৃহস্পতিবার সকালে একটি অর্থনৈতিক ফোরামে যোগদানকালে বৈঠক করেছেন।
বৈঠকের পর আবে এবং মুন এক বিবৃতিতে বলেন, “এখন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সুযোগ না খুঁজে বরং যতটা সম্ভব দেশটির ওপর আরও চাপ প্রয়োগ করারই সময়।”
