২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টপলেস ছবির জন্য ক্ষতিপূরণ পেলেন উইলিয়াম-কেট দম্পতি

ফরাসি ম্যাগাজিনে ব্রিটিশ রাজবধূ কেট মিডলনের অর্ধনগ্ন ছবি প্রকাশ হওয়ার ঘটনায় ১ লাখ ইউরো ক্ষতিপূরণ পেয়েছেন ডিউক এন্ড ডাচেস অব কেমব্রিজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 08:37 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

বিবিসি জানায়, পাঁচ বছর আগে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন ছুটি কাটানোর সময় তোলা ওই ছবি তাদের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন বলে রায় দিয়েছে ফরাসি আদালত।

ফলে ক্ষতিপূরণ হিসাবে এ রাজদম্পতির দুইজনকেই ৫০ হাজার ইউরো করে দিয়েছেন বিচারক। একইসঙ্গে ক্লোজার ম্যাগাজিনের সম্পাদক এবং মালিকের সর্বোচ্চ ৪৫ হাজার ইউরো করে জরিমানা হয়েছে।

উইলিয়ম এবং কেট অর্থাৎ, ডিউক এন্ড ডাচেস অব কেমব্রিজের আইনজীবীরা অবশ্য ক্ষতিপূরণ হিসাবে ১৫ লাখ ইউরো দাবি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার চেয়ে কম অর্থই ক্ষতিপূরণ হিসাবে পেলেন তারা।

ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস কেট ২০১২ সালে স্বামীর সঙ্গে ফ্রান্সে তিন দিনের ছুটি কাটাতে গিয়ে ঘরের বারান্দায় টপলেস অবস্থায় রৌদ্রস্নানের সময় সাংবাদিকদের ক্যামেরাবন্দী হন। ছবিগুলো তোলা হয়েছিল বহুদূর থেকে শক্তিশালী লেন্স ব্যবহার করে।

ফ্রান্সের আঞ্চলিক পত্রিকা লা প্রভিন্স  এবং ক্লোজার ম্যাগাজিনে মিডলটনের ছবিগুলো প্রকাশ করা হয়।

রাজপরিবারের পক্ষ থেকে পরে এর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়।

আদালতের শুনানিতে লা প্রভিন্স পত্রিকাকেও ক্ষতিপূরণ হিসাবে ৩ হাজার ইউরো দিতে বলা হয়েছে। আর ক্লোজার ম্যাগাজিনের সাবেক সম্পাদক ও ফটোগ্রাফাররাসহ ছয়জনকে বিচার করা হয়। ছয়জনের প্রত্যেকেই ছবি তোলা এবং ছাপানো সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে।