জাপানি রাজকুমারীর বাগদানের ঘোষণা
দীর্ঘদিনের প্রেমিক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে কিই কুমুরোর সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন জাপানের রাজকুমারী মাকো।
ভালোবাসার মানুষকে বিয়ে করতে প্রাসাদও ছাড়তে প্রস্তুত মাকো। হবু বর কুমুরো রাজকুমারীর সঙ্গে একইসাথে পড়াশুনা করেছেন। সে সুবাদে দীর্ঘ প্রেম দুজনের। আর সে টানেই বিলাসবহুল রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ মানুষর কাতারে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজকুমারী।
কিন্তু জাপানের সম্রাট আকিহিতোর নাতনি মাকো’র এ ঘোষণা নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
জাপানে রাজবংশের নিয়ম অনুযায়ী, রাজপরিবারের বাইরে সাধারণ কাউকে বিয়ে করলে তাকে রাজপ্রাসাদ ছেড়ে যেতে হয়, উত্তরাধিকার হারাতে হয়। তবে সবকিছু জেনেবুঝেই সিদ্ধান্ত নিয়েছেন মাকো।
বাগদানের ঘোষণা দিয়ে টিভিতে এক সংবাদ সম্মেলনে মাকো জাতির উদ্দেশে বলেছেন, তিনি সত্যিই আনন্দ বোধ করছেন।
মাকো বলেন, “আমি ছোটবেলা থেকেই জানতাম যে বিয়ে করার পর রাজকীয় মর্যাদা হারাব। রাজপরিবারের সদস্য হিসাবে যতটা সম্ভব রাজকীয় দায়িত্ব পালনের পাশাপাশি আমি নিজের জীবনটাকেও গুরুত্ব দিয়েছি।”
সেই অনুযায়ী তাদের বিয়ের বাগদানের জন্য এর আগে ৮ জুলাই দিন ধার্য করা হয়েছিল। কিন্তু বন্যার কারণে ওই অনুষ্ঠান স্থগিত করা হয়।
এখন বাগদানের ঘোষণার পর রাজপ্রসাদের দেখভালের দায়িত্বে থাকা ইম্পেরিয়াল হাউজ এজেন্সি জানিয়েছে, বিয়ে হবে ২০১৮ সালের গ্রিষ্মে।
পেশায় আইনজীবী কিই কুমুরো সাধারণ পরিবারের সন্তান হওয়ায় রাজকন্যা মাকো তাকে বিয়ে করলে রাজকীয় উত্তরাধিকার হারাবেন বলে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল।
জাপানের রাজপরিবারের বর্তমান সদস্য সংখ্যা ১৪ আর মাকোর বিয়ের পর তা ১৩ হবে । এতে দিনে দিনে রাজপরিবারের সদস্য সংখ্যা কমে যাওয়ায় শঙ্কায় রয়েছে জাপানিরা।
