২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া ‘দুবৃত্ত রাষ্ট্র’, বললেন ট্রাম্প

দূর পাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য অত্যাধুনিক হাউড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করার পর এর নিন্দায় উত্তর কোরিয়াকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 08:17 PM

Updated : 25 Jul 2022, 09:04 PM

উত্তর কোরিয়ার এ কর্মকাণ্ডকে ‘খুবই বৈরি এবং যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর’ বলে এক টুইটে বর্ণনা করেছেন তিনি।

রোববার উত্তরপূর্ব কিজু এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার কয়েক ঘণ্টা পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে ষষ্ঠ ওই পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর স্বীকারোক্তি আসে।

গত বছরের সেপ্টেম্বরে চালানো পঞ্চম পারমাণবিক পরীক্ষা থেকে এবারেরটি ৯ দশমিক ৮ গুণ বেশি শক্তিশালী। পিয়ংইয়ং বলছে, তাদের পরীক্ষা চালানো হাইড্রোজেন বোমাটি আনবিক বোমার চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী।

জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে হামলার লক্ষ্য বানানো।

দক্ষিণ কোরিয়া, চীন এবং রাশিয়া প্রত্যেকেই রোববার উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক অস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে। তাদের সঙ্গে নিন্দায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “উত্তর কোরিয়ার প্রতি দক্ষিণ কোরিয়ার সংহতির ভাষা কাজে আসছে না। দেশটি কেবল একটি জিনিসই বোঝে।”

তিনি বলেন, “উত্তর কোরিয়া একটি দুর্বৃত্ত রাষ্ট্র। তারা চীনের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে ওঠার পাশাপাশি তাদের জন্য বিব্রতকর হয়ে উঠছে। চীনের চেষ্টা তেমন সফল হচ্ছে না।”

ওদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার পদক্ষেপে অন্তত্য হতাশ এবং ক্ষুব্ধ জানিয়ে মুন জায়ে ইন বলেন, “দেশটির অস্ত্র কর্মসূচি বিশ্ব শান্তির জন্য হুমকি এবং এতে করে দেশটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।”

উত্তর কোরিয়ার প্রধান মিত্র দেশ চীনও তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক বিরোধিতাকে আমলে নেয়নি।”

ফ্রান্স এবং জার্মানিও উত্তর কোরিয়ার পদক্ষেপকে ‘নতুন মাত্রার প্ররোচনা’ বলে এর নিন্দা জানিয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে ‘অত্যন্ত দুঃখজনক কর্মকান্ড’ বলে বর্ণনা করেছে।

ওদিকে, রাশিয়া সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে এবং এটিই কোরিয়া উপদ্বীপ সমস্যা সমাধানের একমাত্র পথ বলে উল্লেখ করেছে।