রাখাইনে ত্রাণ সঙ্কটে বাস্তুচ্যুত লক্ষাধিক রোহিঙ্গা
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ত্রাণ সঙ্কটে পড়েছে বাস্তুচ্যুত প্রায় ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা মুসলিম।
রাখাইনের সংঘর্ষবিক্ষুব্ধ পরিস্থিতির কারণে এবং সরকারের আপত্তির মুখে সেখানে জাতিসংঘ ও ত্রাণ সংগঠনগুলোর কাজ স্থগিত হয়ে যাওয়ার কারণে রোহিঙ্গাদের কাছে খাদ্য সরবরাহ পৌঁছাচ্ছে না। তারা পাচ্ছে না স্বাস্থ্যসেবাও।
গত ২৪ অগাস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে এ পর্যন্ত ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে।
সহিংসতার প্রভাব এখন আরও বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে রাখাইনের রাজধানী সিত্তুয়ের আরও অনেকটা দক্ষিণে। ওই এলাকায় বহুদিন থেকেই অস্থায়ী শিবিরে বাস করে আসছে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা।
রাজ্যের অন্যান্য স্থানের শিবিরগুলোতে আছে আরও ৩০ হাজার রোহিঙ্গা। ২০১২ সালের সহিংসতায় উদ্বাস্তু হওয়া কিছুসংখ্যক বৌদ্ধও আলাদা আলাদা শিবিরে বাস করছে।
জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় কার্যালয়ের মুখপাত্র পিয়ারে পেরন বলেন, “ রাখাইন রাজ্যে ত্রাণকাজে বিঘ্ন ঘটার কারণে বহু মানুষই স্বাভাবিক খাদ্যসাহায্য পাচ্ছে না। তাছাড়া, প্রাথমিক চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
রাখাইনের উত্তরাঞ্চলে প্রচণ্ড লড়াইয়ের কারণে সেখান থেকে কম গুরুত্বপূর্ণ সব কর্মী সরিয়ে নিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংগঠনগুলো। তাছাড়া, ত্রাণ সংগঠনগুলো রাখাইনের বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে বলে অং সান সুচি সরকারের অভিযোগের কারণেও সংস্থাগুলো কাজ গুটিয়ে নিচ্ছে।
অনেক ত্রাণকর্মীই আবার রাখাইনের কট্টর বৌদ্ধদের হামলার শিকার হওয়ার ভয়ে সেখানে ত্রাণ নিয়ে যেতে চাইছে না। ফলে রাখাইনের সার্বিক পরিস্থিতিই সেখানে ত্রাণ সরবরাহে একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।
