মুম্বাইয়ে ভবন ধস: নিহতের সংখ্যা বেড়ে ২১
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ছয়তলা একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে। এখনও ধ্বংসস্তুপের নিচে অন্তত ১০ জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের।
বিএমসি ডিজাস্টার কন্ট্রোলের বারাত দিয়ে বিবিসি এখবর জানিয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে শহরের বহেন্দি বাজার এলাকায় ১১৭ বছরের পুরনো ছয়তলা ভবনটি ধসে পড়ে।
ব্যস্ত ওই বাজার এলাকার মাওলানা শওকত আলী রোডের জীর্ণ ওই ভবনটিতে নয়টি পরিবার বাস করতো বলে জানিয়েছেন এক কর্মকর্তা। ভবনটির নিচতলায় একটি মিষ্টির দোকানের গুদাম ছিল বলেও জানা গেছে। ছয় বছর আগে ভবনটিকে ‘বিপদজনক’ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছিল।
মঙ্গলবার মুম্বাইতে গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার দুই দিন পর ভবন ধসের ঘটনাটি ঘটল। ভারি বৃষ্টিপাতে জীর্ণ ভবনটি দুর্বল হয়ে ধসে পড়তে পারে বলে ধারণা পুলিশের।
শহরের ডংরি মহল্লার এই এলাকাটি সরু গলিময় এবং পুরনো ভবনে ঠাসা। এসব ভবনের কোনো কোনোটি শতাধিক বছর পুরনো।
গত মাসে মুম্বাইয়ের অপর একটি এলাকায় একটি চারতলা ভবন ধসে ১৭ জন নিহত হয়েছিল।
