২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়া:  ‘কূটনৈতিক সমাধানের পথ থেকে সরেনি’ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র কখনোই উত্তর কোরিয়া বিষয়ে কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে আসেনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 01:06 PM

Updated : 25 Jul 2022, 09:04 PM

পিয়ংইয়ংয়ের সামরিক উচ্চাশার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কথায় জবাব নয়’ টুইটের পরপরই ম্যাটিসের এই মন্তব্য এলো বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়াও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে এর ফলাফল হবে অনিশ্চয়তায় ভরা।

মঙ্গলবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ফের উত্তেজনা সৃষ্টি করে পিয়ংইয়ং।

ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার সকালের দিকে জাপানের উত্তর হোক্কাইডো এলাকার উপর দিয়ে উড়ে প্রায় এক হাজার ১৮০ কিলোমিটার দূরে সমুদ্রে গিয়ে পড়ে।

এই ক্ষেপণাস্ত্রকে ‘নজিরবিহীন হুমকি’ বলে অভিহিত করেছে জাপান। ক্ষেপণাস্ত্রটি ১৪ মিনিট ধরে জাপান  লোকালয়ের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্কবার্তাও জারি করেছিল দেশটি।

পরে উত্তর কোরিয়া বলেছে, প্রশান্ত মহাসাগরে তাদের ব্যাপকতর সামরিক অভিযানের ‘এটি প্রথম ধাপ’। গুয়ামের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকিও পুনর্ব্যক্ত করেছে তারা।

ক্ষেপণাস্ত্র ছোড়ার আগের দিনই ট্রাম্প বলেছিলেন, তার বিশ্বাস কিম জং ইন যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হতে শুরু করেছেন।

কিন্তু ক্ষেপণাস্ত্র ছোড়ার পরদিন বুধবার সন্ধ্যায় এক টুইটে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলে আসছে, ২৫ বছর ধরে অন্যায় দাবি মেনে অর্থও দিয়ে আসছে। কথা বলা জবাব নয়।”

সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা বাদ দিয়েছে কি না জানতে চাইলে প্রেসিডেন্টের সঙ্গে দ্বিমত করে প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস বলেন, “না। আমরা কখনোই কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে আসিনি।”

পেন্টাগনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সং ইয়ং-মু’র সঙ্গে  বৈঠক শেষে ম্যাটিস এ মন্তব্য করেন।

উত্তর কোরিয়ার সঙ্গে স্থল সীমান্ত এবং জাপানের সঙ্গে জলসীমা থাকা রাশিয়া বলছে, ওই এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমও উত্তেজনা বৃদ্ধির জন্য আংশিক দায়ী।

বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনকে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে কোরীয় উপদ্বীপে বেড়ে যাওয়া উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ।

“সামরিক সমাধানের ফলাফল অনিশ্চয়তায় ভরা,” বলেন ল্যাভরভ।

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা বাড়ালে তার ফলও খুব একটা কার্যকর হবে না বলে মন্তব্য করেন তিনি। 

এর আগে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা জানিয়ে পিয়ংইয়ংকে অনতিবিলম্বে ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধের আহ্বান জানায়।

তবে কোরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানোর জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে শুরু থেকেই দায়ী করে আসছে উত্তর কোরিয়া।

সুইজারল্যান্ডের জেনেভায় অস্ত্রনিরোধ বিষয়ক জাতিসংঘের এক সম্মেলনে উত্তর কোরিয়ার কূটনীতিক জু ইয়ং চোল সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নেওয়া যে কোনো পদক্ষেপের পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না পিয়ংইয়ং।

কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির জন্য কেবলমাত্র পিয়ংইয়ংকে দায়ী করে ‘বানানো গল্পও’ প্রত্যাখ্যান করেন তিনি।