২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের নিয়ে ইরানের উদ্বেগ

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর চলমান দমনাভিযানে উদ্বেগ প্রকাশ করেছে ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 07:45 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সিনহুয়া এ খবর জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, “মিয়ানমারে মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ইরান সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। তাদেরকে হত্যা করা হচ্ছে এবং দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে।”

তিনি মিয়ানমার সরকারের প্রতি ‘দিনের পর দিন দেশটির মুসলিমদের মানবাধিকারের চরম লঙ্ঘন বন্ধ করার এবং  দেশে চলমান অমানবিক ও নৃশংস পরিস্থিতি’ থামানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত ২৪ অগাস্ট রাতে মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

ওই রাতের পর থেকে এ পর্যন্ত শতাধিক নিহতের খবর পাওয়া গেছে; যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

আরও সহিংসতার আশঙ্কায় হাজার হাজার রোহিঙ্গা নাফ নদী ও স্থল সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে।

দীর্ঘদিন সেনা শাসিত মিয়ানমারের বর্তমান সরকার রোহিঙ্গা মুসলিমদের নাগরিক মানতে নারাজ।

গত বছর রাখাইনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার পরও রোহিঙ্গারা আশ্রয়ের আসায় বাংলাদেশ সীমান্তে জড় হয়েছিল। সেবারও  সীমান্ত বন্ধ রাখা হলেও মানবিক কারণে অর্ধ লক্ষাধিক রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হয়।