২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে নতুন শর্ত

গৃহকর্মীদের ওপর নির্যাতনের পাশাপাশি বেতন না দেওয়ার বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে বিদেশি গৃহকর্মী নিয়োগে নতুন শর্ত আরোপ করেছে সৌদি আরব সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 12:23 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, কোনো বিবাহিত সৌদি নাগরিক গৃহকর্মী বা গাড়ি চালক নিয়োগ দিতে চাইলে তার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৩৫ হাজার সৌদি রিয়াল থাকতে হবে।

আর দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করা অন্য কোনো দেশের নাগরিক গৃহকর্মী বা গাড়ি চালক নিয়োগ দিলে তার মাসিক বেতন হতে হবে অন্তত ১০ হাজার রিয়াল।

সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, বিবাহিত সৌদি নাগরিক একজন পুরুষ গৃহকর্মীসহ মোট তিনজন বিদেশি কর্মীর জন্য ভিসার আবেদন করতে পারবেন।

অন্য যেসব কাজের জন্য কর্মী নিয়োগের আবেদন করা যাবে এর মধ্যে রয়েছে নারী ও পুরুষ গৃহকর্মী, ব্যক্তিগত গাড়িচালক, শিশু পরিচর্যাকারী, পুরুষ ও নারী রাঁধুনি এবং পুরুষ ও নারী সেবিকা।

একজন গৃহকর্মীর জন্য ভিসা পেতে ব্যাংকে ৩৫ হাজার রিয়াল দেখানোর পাশাপাশি মাসে অন্তত পাঁচ হাজার রিয়াল খরচের সক্ষমতা থাকতে হবে গৃহকর্তার।

সৌদি আরবে ১০ হাজার রিয়ালের বেশি বেতনে চাকরি করা নারী বা পুরুষ বিদেশি নাগরিকরা সর্বোচ্চ দুইজন গৃহকর্মীর জন্য আবেদন করতে পারবেন।

সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৩ লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করছেন, যার মধ্যে ৬০ হাজার নারী কাজ করছেন গৃহকর্মী হিসেবে।

এ হিসাবে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।

সৌদি আরবে গৃহকর্মী বিশেষ করে নারী গৃহকর্মীদের কাজ করিয়ে বেতন না দেওয়া ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের।

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যাওয়া গৃহকর্মীদের পাসপোর্ট রেখে দিয়ে দিনের পর দিন বেতন ছাড়া কাজ করিয়ে নেওয়া হয় বলে বিভিন্ন সময়ে অসংখ্য গৃহ শ্রমিক অভিযোগ করেছেন।

সম্প্রতি হাতে নির্যাতনের ক্ষতচিহ্ন নিয়ে এমনই বাংলাদেশি এক নারী রিয়াদ বিমানবন্দরে এক আরবকে তার ওপর নির্যাতনের বর্ণনা দেন, যা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিদিন তাকে ছয় থেকে সাতবার গরম কিছু দিয়ে ছ্যাঁকা দেওয়া হত জানিয়ে ওই নারী বলেন, বাংলাদেশে কারও সাথে, বিশেষ করে স্বামীর সাথে কথা বলতে চাইলে মালিক দিত না। দেশে ফিরতে চাইলে নির্যাতন করা হত।

এভাবে নির্যাতনের পর সৌদি মালিক তাকে বিমানবন্দরে রেখে চলে যান। প্রায় আট মাস কাজ করলেও তাকে কোনো বেতন দেওয়া হয়নি। কিন্তু বিমানবন্দরে রেখে যাওয়ার সময় বেতন নিয়েছেন মর্মে মালিক স্বাক্ষর নিয়ে গেছেন বলেও জানিয়েছিলেন ওই নারী।

পুরনো খবর:

‘নির্যাতন- প্রতারণায়’ সৌদি ছাড়ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা
সৌদিতে নির্যাতনের বর্ণনা বাংলাদেশি গৃহকর্মীর