২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েদখানায়ও কাঁদছেন ধর্ষক গুরু, খাচ্ছেন না ভারী খাবার

দুই নারী শিষ্যকে ধর্ষণের দায়ে ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড পাওয়া স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম কারাগারে প্রথম দিনটি কারা কর্তৃপক্ষের দেওয়া উর্দির বদলে ঝলমলে কাপড় পরে কাটিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 01:41 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

হরিয়ানার রোহতাকের কাছে সুনারিয়া কারাগারে ১৯৯৭ নম্বর কয়েদি হিসেবে সোমবার সন্ধ্যা থেকে ডেরা সাচ্চা সওদা আশ্রমের প্রধান সাজা ভোগ শুরু করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

সোমবার ওই কারাগারে বসা অস্থায়ী আদালত তার সাজার মেয়াদ ঘোষণা করে।

এর আগে শুক্রবার ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর রাম রহিমকে ওই কারাগারে নেওয়া হয়। তারপর থেকে তিনি অনবরত কাঁদছেন বলে জামিনে কারাগারটি থেকে বের হয়ে আসা এক ব্যক্তি এনডিটিভিকে জানিয়েছেন। 

ডেরা প্রধান কোনো শক্ত খাবার খাচ্ছেন না বলেও জানান তিনি।

“তিনি অল্প পরিমান পানি ও দুধ খাচ্ছেন, জেলের ভেতর কারো সঙ্গে কথাও বলছেন না,” বলেন তিনি।

৫০ বছর বয়সী স্বঘোষিত ধর্মগুরু রায়ের দিনও কেঁদেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কারাগারের ভেতরে বানানো আদালতের মেঝেতে বসে থাকা রাম রহিমকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও তিনি ফুঁপিয়ে উঠে বলেন, “আমি নিষ্পাপ, আমাকে ক্ষমা করে দাও।”

কারা কর্তৃপক্ষের পছন্দ অনুযায়ী একটি কক্ষ ডেরা সাচ্চা সওদা প্রধানের জন্য বরাদ্দ করা হয়; নিরাপত্তার জন্য ওই কক্ষে অন্য কাউকে রাখা হচ্ছে না বলেও কারা কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের দুই সদস্য এবং দুই নিরাপত্তারক্ষী তাকে পাহারা দিচ্ছেন।

বিরাট ভক্তকূল পরিবেষ্টিত গুরমিত রাম রহিমের জন্য এর আগে হরিয়ানা সরকারের ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা ছিল। ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ও ২০ বছরের কারাদণ্ড হওয়ার পর ওই নিরাপত্তা প্রত্যাহার করা হয়।  

চলচ্চিত্র তারকা, ক্রিকেটার ও রাজনীতিকসহ দেশে ও দেশের বাইরে লাখো ভক্তের শ্রদ্ধার পাত্র রাম রহিম শুক্রবার ২০০ গাড়ির শোভাযাত্রা নিয়ে পাচকুলার আদালতে আসেন। পাচকুলার এই আদালতই ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে।

শোভাযাত্রায় ২৫টিরও বেশি বিলাসী গাড়ি ছিল বলে জানিয়েছে এনডিটিভি। ডেরার প্রধান এসেছিলেন বুলেটপ্রুফ এসইউভি-তে চড়ে।

দোষী সাব্যস্ত হওয়ার পর তীব্র সমালোচনার মধ্যেও গুরমিত রাম রহিমকে পাচকুলা থেকে হেলিকপ্টারে করে রোহতাক জেলে উড়িয়ে নেয় কর্তৃপক্ষ; এর মধ্যেই তার সমর্থকরা পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়ায়, যানবাহন ও সরকারি সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়। 

পাচকুলার আদালত চত্বরের বাইরে থেকে শুরু হওয়া এই সংঘর্ষ পঞ্জাবের আশপাশ এবং অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে রাজধানী নয়া দিল্লিতেও।

সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হন; আহতের সংখ্যা আড়াইশ ছাড়িয়ে যায়।

শুক্রবার রায়ের আগে স্বঘোষিত এই ধর্মগুরুর কয়েক লাখ সমর্থককে জড়ো হওয়ার সুযোগ এবং পরে সংঘর্ষ যে ব্যাপক মাত্রায় হতে পারে সে সম্পর্কে ‘অবমূল্যায়ন’করায় সমালোচনার মুখে পড়ে হরিয়ানা সরকার।

ওই অভিজ্ঞতার কারণে সোমবার সাজা ঘোষণার দিন গুরমিত রাম রহিমকে রোহতাক থেকে ফের পাচকুলায় না এনে বিচারককেই হেলিকপ্টারে করে কারাগারে উড়িয়ে নিয়ে সেখানেই আদালত বানিয়ে ধর্মগুরুর সাজা শোনানো হয়।

ডেরা অনুসারীরা যেন ঢুকতে না পারে সেজন্য হাজারের ওপর পুলিশ রোহতাক শহর ও কারাগার ঘিরে রাখে। যদিও সাজা ঘোষণার পর এখন পর্যন্ত সংঘর্ষের কোনো খবর মেলেনি।