২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসের পথে সেনাদের ক্ষুব্ধ স্ত্রীরা

ফরাসি সেনাদের ‘শোচনীয় কর্মপরিবেশের' প্রতিবাদে প্যারিসের রাস্তায় বিক্ষোভ করেছে তাদের ক্ষুব্ধ স্ত্রী-রা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 08:57 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

কয়েকশ নারী ‘অ্যাঙ্গরি সোলজারস ওয়াইভসের’ ডাকা এ বিক্ষোভে অংশ নেয় বলে বিবিসি জানিয়েছে।

সেনাদের স্ত্রীদের সংগঠন অ্যাঙ্গরি সোলজারস ওয়াইভসের সদস্য পাঁচ হাজার দুইশ'র কাছাকাছি।

তাদের অভিযোগ, সন্ত্রাসবিরোধী দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বেশকিছু সদস্যকে স্যাঁতসেঁতে বাসস্থানে রাখা হয়েছে, যেগুলো তেলাপোকা ও উকুনে ভরপুর।

২০১৫ সালে বিদ্রুপাত্মক ম্যাগাজিন শার্লি এবদুর অফিসে ইসলামি জঙ্গিদের হামলার পর জনসমাগমের স্থান ও বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তায় ৭ হাজারেরও বেশি সেনা মোতায়েন করে ফরাসি সরকার।

ওই অভিযানে জড়িত এক সেনা গত শনিবার রাতে আত্মহত্যা করে বলে ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে।

সৈনিক-স্ত্রীরা যেসব বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তার মধ্যে দুর্ঘটনা পরবর্তী সেনাদের মানসিক বৈকল্য নিরসন এবং তাদের পরিবারের জন্য সাহায্যের অভাবের বিষয়গুলোও আছে।

“আমরা একেবারে অসহায় বোধ করছি, আমরা জানি না কিভাবে এর সঙ্গে মানিয়ে নেব, কিভাবে আমাদের মানুষগুলোকে সাহায্য করব,” বলেন বিক্ষোভের অন্যতম সংগঠক মার্সিডিজ ক্রিপা। তার স্বামীও আফগানিস্তানে যুদ্ধের পর থেকে ট্রমায় ভুগছেন।

“আমরা আমাদের অস্বস্তি, বিরক্তি ও ক্ষোভ দেখাতে চাই,” টেলিভিশন চ্যানেল ফ্রান্স থ্রিকে এমনটাই বলেন তিনি।

নিহত সেনাদের স্ত্রীদের অসহায়ত্বের কথাও বলেন ক্রিপা। জানান, অনেক বিধবাকে তার স্বামীর মৃত্যুর দুই-তিন মাসের মধ্যে সামরিক বাহিনীর দেওয়া বাসস্থান ছাড়তে হয়েছে; সাহায্যও পেয়েছেন অনেক কম।

সেনাবাহিনীর বেতন ব্যবস্থানা নিয়েও ক্ষোভ জানিয়েছে অ্যাঙ্গরি সোলজারস ওয়াইভস। সফটওয়্যার জটিলতায় ভুল করে বেশি টাকা দেওয়ার পর সেনাদের পরিবারগুলোকে উদ্ধৃত্ত টাকা ফেরত দিতে বলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

স্থানীয় লে ফিগারো সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষুব্ধ সৈনিক-স্ত্রীদের বিক্ষোভে পাঁচশ নারী অংশ নেয় বলে আয়োজকরা ধারণা করছে।

এপ্রিলের শেষে অ্যাঙ্গরি পুলিশ ওয়াইভসের করা বিক্ষোভের চার মাস পর সৈনিক-স্ত্রীদের এ বিক্ষোভ হল।