২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ‘ধর্ষক ধর্মগুরু’র কারাগারের বাইরে কয়েক স্তরের নিরাপত্তা

পনের বছরের পুরনো এক ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ডেরা সাচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে যে কারাগারে রাখা হয়েছে তার চারদিকে কয়েক স্তরের নিরাপত্তা কর্ডন তৈরি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 01:15 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

সোমবার ৫০ বছর বয়সী স্বঘোষিত এ ভারতীয় ধর্মগুরুর ধর্ষণ মামলার রায় হওয়ার কথা বলে জানিয়েছে এনডিটিভি।

২০০২ সালে নিজের অনুসারী দুই নারীকে আশ্রমের ভেতরেই ধর্ষণের অভিযোগে শুক্রবার পাঁচকুলার এক আদালত গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে।

এরপরই হেলিকপ্টারে করে তাকে রোহতাক জেলায় উড়িয়ে এনে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারের একটি বিশেষ সেলে রাখা হয়।

কারাগারগামী পথের পুরোটাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিস্তৃত নিরাপত্তা গড়ে রেখেছেন। কারাগারের কাছাকাছি বিভিন্ন জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও হরিয়ানা পুলিশকে মজুদ রাখা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও নিয়মিত টহল দিচ্ছেন।   

রায়ের জন্য রাম রহিমকে সোমবার পাঁচকুলায় নেওয়া হবে না; তার বদলে বিচারক জগদীপ সিং নিজেই রোহতাক কারাগারে এসে সাজা জানাবেন, আদালতের বাকি কাজগুলোও কারাগারেই সারা হবে। 

বিচারক জগদীপই শুক্রবার ডেরা সাচ্চা সওদাপ্রধানকে দোষী সাব্যস্ত করেছিলেন।

Image
কারাগার ঘিরে নিরাপত্তা বলয়। ছবি: এনডিটিভি

কারাগার ঘিরে নিরাপত্তা বলয়। ছবি: এনডিটিভি

শনিবার পাঞ্জাব এবং হরিয়ানার উচ্চ আদালত বিশেষ সিবিআই বিচারক জগদীপকে রোহতাক কারাগারে নিয়ে যেতে হরিয়ানা রাজ্য সরকারকে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করায় তার ভক্তদের দেওয়া হুমকি বিবেচনায় বিচারক জগদীশের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিতে কেন্দ্র হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে বলেও এক কর্মকর্তা জানিয়েছেন।

একইদিন পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালত রায়ের পর সহিংস পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনা করেছে।

ধর্ষণের দায়ে আশ্রমপ্রধানকে দোষী সাব্যস্ত করার পর পাঁচকুলাসহ অন্যান্য শহরে ভক্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সহিংসতা পরে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৬ জন নিহত হন, আহতের সংখ্যা আড়াইশ ছাড়িয়ে যায়।