যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়: ভূমিধস, বন্যার শঙ্কা
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভির প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই লাখের বেশি মানুষ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে টেক্সাস উপকূলে আঘাত হানে হার্ভি।
ঘূর্ণিঝড়টি উপকূলের আরানসাস ও ও’কনর বন্দরের মধ্যবার্তী স্থান দিয়ে মেক্সিকো উপসাগর থেকে স্থলে উঠে আসে।
গত ১৩ বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
তবে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টিপাতে টেক্সাসের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রকপোর্ট ও করপাস ক্রিস্টিতে ভূমিধসের ঘটনা ঘটেছে; ধ্বংসস্তুপের নিচে লোকজনের আটকা পড়ার আশঙ্কাও করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে বিধ্বস্ত ঘরবাড়ি এবং গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে।
কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা কথা জানিয়েছেন টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঝড়ের কারণে দুই লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এরই মধ্যে জরুরি উদ্ধারকর্মী ও ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এক টুইটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি উদ্ধারকর্মীদের প্রশংসা করে বলেন, “আপনারা দারুণ কাজ করছেন… বিশ্ব দেখছে! নিরাপদ থাকুন।”
