কাবুলে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮
আফগানিস্তানে একের পর এক হামলার শিকার শিয়া মুসলিমরা এজন্য সরাসরি সরকারকে দায়ী করেছে।
শুক্রবার রাজধানী কাবুলে একটি শিয়া মসজিদের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে ৪০ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক মানুষ আহত হয় বলে দাবি মসজিদ কর্তৃপক্ষের।
যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে ২৮ জন নিহত এবং ৫০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে।
জাতিসংঘ প্রাথমিকভাবে ২০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জন আহত হওয়ার খবর দিয়েছিল।
মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
শুক্রবারের হামলা এবছর শিয়া মসজিদে চালানো ষষ্ঠ হামলা, যেগুলোর বেশিরভাগেই দায় স্বীকার করেছে আইএস।
