বাকিংহাম প্রাসাদের বাইরে পুলিশের ওপর হামলা
লন্ডনে বাকিংহাম প্রাসাদের বাইরে ছুরি নিয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলাকারী এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশ।
শুক্রবার রাতের এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাদের জখম ততটা গুরুতর নয় এবং তাদের হাসপাতালে যাওয়ার দরকার হয়নি।
যুক্তরাজ্যের রানি এলিজাবেথের বাসভবনের কাছে পুলিশকে আক্রমণ ও গুরুতর শারীরিক ক্ষতি করার অভিপ্রায়ের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটেনে এ বছর চার দফায় জঙ্গি হামলা হয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা প্রবল, অর্থাৎ যে কোনো সময় সেখানে হামলা হতে পারে।
নিরাপত্তার কারণে বাকিংহাম প্রাসাদের বাইরের একটি বড় এলাকা পুলিশ ঘিরে রেখেছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কর্মকর্তারা বাকিংহাম প্রাসাদের বাইরে ছুরিধারী এক ব্যক্তিকে আটকেছে। আটকের সময় দুই পুলিশ কর্মকর্তা বাহুতে সামান্য জখম হয়েছেন।
