ট্রাম্প-পুতিন যোগাযোগ চেষ্টার আরেক ইমেইলের সন্ধান
গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচার কর্মকর্তাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আয়োজনের চেষ্টা নিয়ে আরেকটি ইমেইলের খোঁজ পেয়েছেন কংগ্রেসের তদন্তকারীরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ সহযোগীর কাছ থেকেই মেইলটি পাওয়া গেছে বলে কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিএনএন।
ইমেইলটি প্রচার কর্মকর্তাদের পাঠিয়েছিলেন রিক ডেয়ারবর্ন। যিনি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের ডেপুটি চীফ অব স্টাফ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টায় থাকা এক ব্যক্তি সম্পর্কিত তথ্য দিয়ে ট্রাম্পের প্রচার কর্মকর্তাদের কাছে মেইলটি করেছিলেন ডেয়ারবর্ন। ইমেইল ওই ব্যক্তিকে ‘ডব্লিউভি’ নামে চিহ্নিত করা হয়েছিল।
ইমেইলটি পাঠানো হয় ২০১৬ সালের জুনের ঠিক সেই সময়টিতে যখন ট্রাম্পের বড় ছেলে তার বাবার নির্বাচনী প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক তথ্য পাওয়ার প্রস্তাব পেয়ে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন।
ডেয়ারবর্নের ইমেইলটি স্পষ্ট না হলেও এটির অস্তিত্ব থেকে বোঝা যায় যে, রাশিয়া ট্রাম্পের প্রচারে ঢোকার আরেকটি পথ খুঁজছিল। উদ্দেশ্য ছিল প্রচার কর্মকর্তাদের মধ্যে এমন কেউ আছেন কিনা যে রাশিয়ার প্রচেষ্টার অংশ হিসাবে হিলারির ভাবমূর্তি ক্ষুন্ন করে তাকে পরাজিত করতে ইচ্ছুক তা খতিয়ে দেখা।
