২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্জিনিয়া সংঘাত: ট্রাম্প কাউন্সিল থেকে মার্ক সিইও’র পদত্যাগ

ভার্জিনিয়ায় সংঘাতের ঘটনা এবং সেটি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভর্ৎসনা করে ট্রাম্পের আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন মার্ক এন্ড কো ইঙ্ক ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা কেনেথ ফ্র্যাজিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 11:46 PM

Updated : 11 Oct 2022, 02:23 PM

এর মধ্য দিয়ে অসহিষ্ণুতা এবং উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

ভার্জিনিয়ায় ডানপন্থি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের স্পষ্ট সমালোচনা না করে ট্রাম্প এরই মধ্যে তোপের মুখে পড়েছেন। তার সমালোচনায় মুখর হয়েছেন নিজদলের নেতারাই।

কট্টর ডানপন্থি ওই শ্বেতাঙ্গদের মিছিল-সমাবেশকে কেন্দ্র করেই শনিবার বিরোধীপক্ষের সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

ট্রাম্প এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে দেরী করেছেন। তাছাড়া, তিনি সংঘাতে জড়িয়ে পড়া ‘সব পক্ষের’ সমালোচনা করলেও কট্টর-ডানপন্থি শ্বেতাঙ্গদের বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

ভার্জিনিয়ার সহিংসতা নিয়ে ট্রাম্পের এ প্রতিক্রিয়ার কারণে তার উপদেষ্টা পরিষদ থেকে আফ্রিকান-আমেরিকান ফ্র্যাজিয়ারই প্রথম বের হয়ে গেছেন।

টুইটারে এক বিবৃতিতে তিনি ট্রাম্পের নাম নিয়ে সরাসরি তাকে আক্রমণ করে কথা না বললেও অন্তর্নিহিতভাবে তাকে তিরষ্কার করেছেন। ফ্রেইজার লেখেন,“ ঘৃণা, বর্ণবাদ এবং গোষ্ঠীগত শ্রেষ্ঠত্ববাদের ভাষাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আমাদের মৌলিক মূল্যবোধগুলোকে আমেরিকান নেতাদের সম্মান করতেই হবে।”

ট্রাম্পও তাৎক্ষণিকভাবে এ টুইটের জবাব দেন। ব্যয়বহুল ওষুধ নিয়ে দীর্ঘদিন ধরে ফ্র্যাজিয়ারের অভিযোগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছেড়ে দেওয়ায় ফ্র্যাজিয়ার ওষুধের দাম কমানোর বিষয়টিতে বেশি মনোনিবেশ করার সময় পাবেন।