২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র নতুন করে ভেনেজুয়েলার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে। ৮ জন কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 07:58 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা শক্তিশালী করতে গত সপ্তাহে  বিতর্কিত, সর্বময় ক্ষমতার অধিকারী এবং অনুগত সাংবিধানিক পরিষদ গঠনে ভূমিকার কারণে বুধবার ওই কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নতুন নিষেধাজ্ঞার আওতায় রাজনীতিবিদ ও নিরাপত্তা কর্মকর্তারা থাকলেও ভেনেজুয়েলার তেল শিল্প নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে। ভেনেজুয়েলার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা সেটি এখনও ভাবনা চিন্তা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বুধবার আরোপিত নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার ওই ৮ কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্ত হবে, যুক্তরাষ্ট্রে তাদের ভ্রমণ নিষিদ্ধ হবে এবং মার্কিনিরাও তাদের সঙ্গে কোনও ব্যবসায়িক লেনদেন করতে পারবে না।

নিষেধাজ্ঞা কবলিত কর্মকর্তাদের মধ্যে প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ভাইয়ের পাশাপাশি সাংবিধানিক পরিষদের এক সদস্যও রয়েছেন।

এর আগে প্রেসিডেন্ট মাদুরোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এতে মাদুরোকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে থাকা তার সব সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল।

ভেনেজুয়েলার সংবিধান সংশোধনে গণভোট করে মাদুরো এর মাধ্যমে নতুন সাংবিধানিক পরিষদ গঠন করতে চান বলে অভিযোগ আছে। যে পরিষদ কংগ্রেসকে পাশ কাটিয়ে নতুন সংবিধান প্রণয়নের অধিকার পাবে।

বিরোধীরা এ গণভোট বয়কট করেছিল। ৩০ জুলাইয়ে  গণভোটের দিন ভোট গ্রহণকে কেন্দ্র করে সহিংসতা ও বিক্ষোভে সরকার ও বিরোধী পক্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়।