২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নারী ভাইস প্রেসিডেন্ট পেল ইরান

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তিনজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2017, 06:54 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

মন্ত্রিসভার সব সদস্য পুরুষ হওয়ায় নাগরিক অধিকার গ্রুপগুলোর সমালোচনার মুখে রুহানি এ পদক্ষেপ নিলেন।

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনার জন্য দেশটির প্রেসিডেন্ট ১২ জন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে থাকেন।

বিবিসি জানিয়েছে, তিন নারী ভাইস প্রেসিডেন্টের মধ্যে মাসুমেহ ইবতেকার পরিবার ও নারী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, লায়া জোনেদি আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এবং শাহিনদোখত মওলাবেরদি নাগরিক অধিকার বিষয়ক সহযোগী হিসেবে কাজ করবেন।

রাষ্ট্র পরিচালনায় নারীদের ভূমিকা না থাকায় দীর্ঘদিন ধরেই ইরানের সমালোচনা হচ্ছে।

যদিও ভাইস প্রেসিডেন্ট পদে নারীদের দেখা গেলেও মন্ত্রিসভায় কোনো নারী না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মওলাভেরদি।

তিনি বলেন, “নারীবিহীন মন্ত্রিসভা ইরানের স্থবির  সমাজ ব্যবস্থার কথাই বলছে।”

রুহানির প্রথম মেয়াদেও মওলাভেরদি এবং ইবতেকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এখন পর্যন্ত দেশটির মন্ত্রিসভায় মাত্র একজন নারীকে দেখা গেছে।

শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানের মন্ত্রিসভায় সুন্নি সদস্য সংখ্যাও হাতেগোনা। রুহানির মন্ত্রিসভার মাত্র ১০ শতাংশ সদস্য সুন্নি বলে জানায় বিবিসি।

সংস্কারবাদীদের বিশ্বাস, রুহানির বৈচিত্রহীন নতুন মন্ত্রিসভা ধর্মীয় প্রতিষ্ঠানের চাপের কাছে প্রেসিডেন্টের মাথা নত করার কথাই বলছে।

ইরানে প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া মন্ত্রিসভা পার্লামেন্টে অনুমোদিত হতে হয়।

যদিও নতুন মন্ত্রিসভা পার্লামেন্টে চ্যালেঞ্জের মুখে পড়বে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুমোদনে নিয়োগ দেওয়া হয়েছে।

মে মাসের নির্বাচনে কট্টোরপন্থি ইব্রাহিম পাইসিকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন রুহানি।

এবারের নির্বাচনে তিনি নাগরিক স্বাধীনতা বৃদ্ধি এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃগঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনী প্রচারের সময় তিনি রাজনীতি ও সংস্কৃতিতে নারীদের আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান।