২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার বিরুদ্ধে আরও ব্যবস্থা নিন: থাইল্যান্ডকে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন থাইল্যান্ড সফরে গিয়ে নেতাদেরকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Aug 2017, 09:47 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান সম্মেলনে অংশ গ্রহণ শেষে মঙ্গলবার থাইল্যান্ড সফরে যান টিলারসন।

২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটিই দেশটিতে যুক্তরাষ্ট্রের এত শীর্ষ পর্যায়ের কোনও কর্মকর্তার প্রথম সফর।

এ সফরে টিলারসন উত্তর কোরিয়ার অর্থ প্রবাহ হ্রাস করতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের বোঝানোর চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন টিলারসনের সফরসঙ্গী পূর্ব-এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সম্পর্ক বিষয়ক সহকারী সচিব সুসান থর্নটন।

উড়োজাহাজে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “উত্তর কোরিয়ার বড় বড় কোম্পানিগুলো থাইল্যান্ডে অত্যন্ত সক্রিয় বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের।”

“কোম্পানিগুলো ক্রমাগত নিজেদের নাম পরিবর্তন করে ব্যাংকক’কে তাদের আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। সেগুলোর কার্যক্রম বন্ধ করতে আমরা থাই নেতাদের রাজি করানোর চেষ্টা করব।” 

আরতাই সেগুলো বন্ধ করার জন্য থাইল্যান্ডকে উদ্বুদ্ধ করারই চেষ্টা করছেন টিলারসন।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সব ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

জুলাইয়ে উত্তর কোরিয়া দুইটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ দেশটির উপর নতুন করে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে।

নতুন নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার রপ্তানি আয় প্রায় এক-তৃতীয়াংশ কমে যাবে। 

টিলারসনের সঙ্গে বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যাং-ওচা বলেছিলেন, থাইল্যান্ড পিয়ংইয়ংয়ের ওপর আরোপ করা জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা সমর্থন করে।

তবে থাই সরকারের পক্ষ থেকে উত্তর কোরিয়ার ওপর বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি।