ভেনেজুয়েলা মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করছে: জাতিসংঘ
ভেনেজুয়েলায় বিক্ষোভে ব্যাপক মাত্রায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।
অতিরিক্ত শক্তি প্রয়োগ ছাড়াও বাড়ি বাড়ি সহিংস তল্লাশি, নির্যাতন এবং দুর্ব্যবহারের কথাও বলেছে কার্যালয়।
বিক্ষোভ চলাকালে সহিংসতায় অন্তত ৪৬ জনের মৃত্যুর জন্য নিরাপত্তা বাহিনী দায়ী। সাক্ষাৎকারের ভিত্তিতে এসব উপাত্ত সংগ্রহ করা হয়েছে বলে কার্যালয় জানিয়েছে।
বিবিসি জানায়, জাতিসংঘ মানবাধিকার গোষ্ঠী দূর থেকে এ সাক্ষাৎকার নিয়েছে। কারণ, তাদের সাক্ষাৎকার নেওয়ার অনুরোধে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ কোনও সাড়া দেয়নি।
প্রত্যক্ষদর্শীরা জাতিসংঘকে জানিয়েছে, ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী কোনও সতর্কতা ছাড়াই টিয়ার গ্যাস এবং গুলি ছুড়েছে। তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারেরও আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হুসাইন বলেন, “এপ্রিলে বিক্ষোভ শুরু হওয়ার পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সুস্পষ্ট লক্ষণ সেখানে আছে। দিনের পর দিন হাজার হাজার লোকজনকে আটক করা হয়েছে। তাদের অনেকের সঙ্গে জিজ্ঞাসাবাদের সময় খুব খারাপ ব্যবহার এমনকি নির্যাতনের খবরও পাওয়া গেছে। আটক কয়েকশ জনের বিচার বেসামরিক আদালতে না করে সামরিক আদালতে করা হচ্ছে।”
“বিক্ষোভকারীদের কিছু কিছু দলও সংঘাতে জড়িয়ে পড়ছে। তারা নিরাপত্তা বাহিনীর উপর হামলা করছে।”
মানবাধিকার সংস্থাটির ধারণা, পহেলা এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পাঁচ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
জাতিসংঘের ওই কর্মকর্তা ভেনেজুয়েলা কর্তৃপক্ষের প্রতি বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বলপ্রয়োগ এখনই বন্ধের অনুরোধ জানানোর পাশপাশি গণহারে আটক বন্ধ এবং অভিযোগ ছাড়া আটককৃতদের ছেড়ে দিতে বলেছেন।
