অনাস্থা ভোটের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জুমা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে আবারও অনাস্থা প্রস্তাব আনা হয়েছে; এমপি’রা এবার গোপনে ভোট দেবেন।
বিবিসি জানায়, এখন পর্যন্ত জুমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে সাতবার ভোট হয়েছে এবং প্রতিবারই শেষ পর্যন্ত তিনি টিকে গেছেন। যদিও সেগুলোর কোনোটিই গোপন ভোট ছিল না।
দেশটির বিরোধীদলগুলোর বিশ্বাস, যদি গোপন ভোট হয় তবে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বেশিরভাগ এমপি’ই জুমার বিপক্ষে ভোট দেবেন।
জুমার পদত্যাগের দাবিতে জোহানেসবার্গ, প্রিটোরিয়া ও কেপ টাউনে বিক্ষোভ হয়েছে। জুমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট গ্রহণ গোপনে হবে কিনা এ বিষয়ে সোমবার পার্লামেন্ট স্পিকার বালেকা এমবেতে তার সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে বিবিসি।
অনাস্থা প্রস্তাব পাস করতে হলে পার্লামেন্টে সরকার দলীয় ২৪৯ এমপি’র মধ্যে অন্তত ৫০টি ভোট জুমার বিপক্ষে পড়তে হবে।
মার্চে অর্থমন্ত্রী প্রাভিন গোরধানকে বরখাস্ত করেন জুমা। দেশজুড়ে সম্মানিত গোরধানকে বরখাস্ত করার পর জুমার বিরুদ্ধে বিক্ষোভ বাড়তে থাকে।
অভিযোগ আছে, দক্ষিণ আফ্রিকার বিত্তশালী পরিবার গুপ্তাদের অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছেন জুমা। গুপ্তা পরিবার এখন রাজনীতিতেও হস্তক্ষেপ শুরু করেছে এবং তাদের কারণেই গোরধানকে বরখাস্ত করা হয়েছে।
যদিও জুমা এবং গুপ্তা পরিবার উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছে।
জুমার বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগও রয়েছে। যদিও ওই সব অভিযোগও অস্বীকার করেছেন তিনি।
সমালোচকদের মতে, জুমা দেশের অর্থনীতিকে ঠিকমত পরিচালনা করতে পারছেন না এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যর্থ হয়েছেন।
