‘উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞায় ক্ষতি হবে চীনের’
উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের কারণে দেশটির ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতি হবে চীনের।
তারপরও চীন জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সবসময় কাজ করে যাবে বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি।
শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে, এতে দেশটির বার্ষিক তিনশ কোটি ডলারের রপ্তানি বাণিজ্যের একতৃতীয়াংশ হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে ওয়াং বলেছেন, নতুন নিষেধাজ্ঞা দেখিয়েছে চীন এবং বিশ্ব সম্প্রদায় উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরোধী।
“ঐতিহ্যগতভাবেই চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বাণিজ্যিক সম্পর্ক আছে। নিষেধাজ্ঞা আরোপে প্রধানত চীনকেই মূল্য চুকাতে হবে।
“কিন্তু আন্তর্জাতিক অস্ত্র-বিস্তাররোধ পদ্ধতিকে সুরক্ষা দেয়ার জন্য ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আগের মতোই সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার সব ধারা পুরোপুরি ও কঠোরভাবে মেনে চলবে চীন,” বিবৃতিতে প্রকাশিত উদ্ধৃতিতে বলেছেন ওয়াং।
চীন সবসময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের উত্তরোত্তর কঠোর নিষেধাজ্ঞা মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে আসছে, তবে পাশাপাশি এও বলেছে, উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকদের ওপর এসব নিষেধাজ্ঞার প্রভাব পড়া উচিত নয় এবং এ উদ্দেশ্যে দেশটির সঙ্গে ‘স্বাভাবিক’ বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে তারা।
জাতিসংঘের সর্বশেষ প্রস্তাবে উত্তর কোরিয়ার কয়লা, লোহা, লৌহ আকরিক, সীসা, সীসার আকরিক ও সিফুড রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পাশাপাশি যেসব দেশে উত্তর কোরিয়ার শ্রমিকরা কর্মরত আছে সেখানে দেশটির শ্রমিক সংখ্যা বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা, উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে কোনো প্রকল্প গ্রহণ এবং চলমান প্রকল্পগুলোতে নতুন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
