ভারতের নতুন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু
বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়ান্সের (এনডিএ) প্রার্থী এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে।
শনিবার দেশটির পার্লামেন্টের সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন।
নাইডু ৫১৬ ভোট পেয়ে ভারতের ত্রয়োদশ উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধীদলগুলোর প্রার্থী পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর গোপালকৃষ্ণ গান্ধী ২৪৪ ভোট পেয়েছেন।
পার্লামেন্ট হাউসে স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে গঠিত ইলোক্টরাল কলেজ উপরাষ্ট্রপতি নির্বাচিত করবে। দুটি কক্ষের মোট ভোট ৭৯০।
এর মধ্যে লোকসভার ৫৪৫ জন সদস্য, যাদের মধ্যে বিজেপি দলীয় সদস্য ২৮১ জন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সদস্য ৩৩৮ জন।
অপরদিকে ২৪৫ সদস্যের রাজ্যসভার মধ্যে বিজেপির সদস্য ৫৮ জন এবং কংগ্রেসের ৫৭ জন।
নির্বাচনে জয়লাভের পর ৬৮ বছরের নাইডু বলেন, ““ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি প্রেসিডেন্টের হাত আরও শক্তিশালী এবং উচ্চকক্ষের সম্মান ধরে রাখতে চাই।”
নাইডুকে শুভেচ্ছা জানিয়ে এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এম ভেঙ্কাইয়া নাইডু একজন পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ উপরাষ্ট্রপতি হিসেবে দেশের জন্য কাজ করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন বলেই আমার বিশ্বাস।”
যদিও লোকসভায় এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকায় নিজেদের প্রার্থীকে সহজেই উপরাষ্ট্রপতি পদে বসাতে পারবে বলে আভাস পাওয়া যাচ্ছিল।
পর পর দুই মেয়াদে দায়িত্বপালনকারী ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ ১০ অগাস্ট শেষ হবে।
