ফ্রান্সের উড়োজাহাজের ‘খুব কাছে’ উ কোরিয়ার ক্ষেপণাস্ত্র
উত্তর কোরিয়ার ছোড়া একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের খুব কাছে চলে এসেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ জানান, ২৮ জুলাই ছোড়া ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়েছে মাত্র ১০ মিনিট আগে ৩৩০ জনের বেশি আরোহী নিয়ে এয়ার ফ্রান্সের উড়োজাহাজটি ওই এলাকা অতিক্রম করে।
এ ঘটনার পর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে উত্তর কোরিয়ার চারপাশে ‘নো-ফ্লাইং জোন’ এর সীমানা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তারা।
ছবি: রয়টার্স
জাপান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি টোকিও থেকে প্যারিসগামী উড়োজাহাজটির ১০০ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছিল।
পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, “ওটা বাণিজ্যিক বিমান পরিবহনের ব্যস্ত পথের ভেতর দিয়ে গেছে। ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়েছে সেটা জাপানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। ওই এলাকায় বাণিজ্যিক ও মাছ ধরার নৌযানগুলো চলাচল করে।”
২০১৪ সালের জুলাইয়ে আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট ইউক্রেইনের উপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয় এবং ২৮৩ জন আরোহীর সবাই নিহত হয়।
অভিযোগ আছে, পূর্ব ইউক্রেইন থেকে ছোড়া রাশিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটি বিধ্বস্ত হয়।
