২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক অবনতির চরমে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক ‘অবনতির চরমে’ পৌঁছেছে। এ অবনতির জন্য কংগ্রেসকে দোষারোপ করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 10:11 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

তার মতে, মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কংগ্রেসের সঙ্গে বিরোধে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ট্রাম্প এ নিষেধাজ্ঞার বিলটি ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করলেও এটি সই করা ছাড়া তার আর কোনও উপায় ছিল না।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘বাণিজ্য যুদ্ধবর্ণনা করে এর ফলে দুই দেশের সম্পর্কোন্নয়নের আশা শেষ হয়ে গেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

আন্তর্জাতিক রীতি ভঙ্গ করে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের জন্য রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে শাস্তিদেওয়াও বিলটির উদ্দেশ্য।

ট্রাম্প এ বিলের বিরোধিতা করেছেন। বিলটিতে ইরান এবং উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার বিধানও আছে। তাছাড়া, কংগ্রেসের অনুমতি ছাড়া নিষেধাজ্ঞা শিথিলে ট্রাম্পের জন্য কোনও সুযোগও এতে রাখা হয়নি।

বিলটি সই করতে গিয়ে ট্রাম্প শেষ মুহূর্তে বলেছিলেন, “কংগ্রেস ভুল করছে। একজন প্রেসিডেন্ট হিসাবে আমি বাইরের কোনও দেশের সঙ্গে কংগ্রেসের চেয়ে অনেক ভাল চুক্তি করতে পারি।”

বৃহস্পতিবার আবারও নতুন করে ক্ষোভ ঝেড়ে ট্রাম্প পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের বর্তমান অবনতির জন্য তিনি কাকে দায়ী মনে করেন।

এক টুইটারে তিনি লেখেন, “রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক সর্বকালের মধ্যে এখন অবনতির চরম পর্যায়ে পৌঁছেছে।”

একইসঙ্গে কংগ্রেসকে বিদ্রুপ করে তিনি লেখেন, “কংগ্রেসকে ধন্যবাদ দেওয়া যায়। তারা হচ্ছে সেই সব লোক যারা আমাদেরকে একটা স্বাস্থ্যসেবা (সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য পরিষেবা বদলাতে ব্যর্থতা) পর্যন্ত দিতে পারেনি।”

ওদিকে, এর পাল্টা প্রতিক্রিয়ায় এক রিপাবলিকান সিনেটর টম কটন এমএসএনবিসি’ কে বলেছেন, “রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই অবনতির পর্যায়ে চলে গেছে। কিন্তু এটি হয়েছে (রাশিয়ার প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিনেরই দোষে।”