মস্কোয় যুক্তরাষ্ট্রের কম্পাউন্ড জব্দ করেছে রাশিয়া
মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের লিজ নেওয়া একটি সামার-হাউজ কম্পাউন্ড জব্দ করেছে রাশিয়া।
ক্রেমলিন রাশিয়ার মার্কিন দূতাবাস থেকে কর্মী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার ৫ দিন পর বুধবার রাশিয়া কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পদক্ষেপের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে ১ সেপ্টেম্বরের মধ্যে কূটনৈতিক মিশনের কর্মী ৬০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন।
সেইসঙ্গে তিনি জানিয়েছেন, মস্কো যুক্তরাষ্ট্রের দূতাবাসের ব্যবহৃত ডাচা কান্ট্রি ভিলা এবং একটি ওয়্যারহাউজ জব্দ করছে।
ডাচা কম্পাউন্ড মঙ্গলবারই খালি করা হয়েছে। একতলা একটি ভবন এবং আদালত প্রাঙ্গন যেটি মার্কিন দূতাবাস কর্মীরা ব্যবহার করত এবং যেখানে দূতাবাসের পার্টি হত সে হলগুলোও খালি হয়ে গেছে।
কম্পাউন্ডের প্রবেশপথে পুলিশ প্রহরা রয়েছে। সেখানে মার্কিন এবং রুশ কর্মকর্তাদের আনাগোনাও নিষিদ্ধ রয়েছে।
এ পরিস্থিতি কখন বদলাবে তা জানা নেই বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
